তিন মা-বাবার সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বংশানুক্রমিক মারাত্মক রোগ প্রতিরোধের জন্য তিনজনের ডিএনএ ব্যবহার করে সন্তান জন্মদানের এই পদ্ধতি
বংশানুক্রমিক মারাত্মক রোগ প্রতিরোধের জন্য তিনজনের ডিএনএ ব্যবহার করে সন্তান জন্মদানের এই পদ্ধতি

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যের আইনপ্রণেতারা ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার জন্য ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতি প্রয়োগের অনুমোদন দিয়েছেন। এতে দুরারোগ্য কিছু বংশানুক্রমিক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মায়ের কাছ থেকে সন্তানের শরীরে জটিল জিনগত রোগের বিস্তার ঠেকাতেই মূলত এ বৈজ্ঞানিক পদ্ধতির উদ্ভাবন করেছেন ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানীরা।
নতুন এ পদ্ধতিতে দুই নারী ও এক পুরুষের ডিএনএ ব্যবহার করে শিশুর জন্ম দেওয়া হবে। এতে মা থেকে শিশুর মধ্যে জিনগত অসুখ-বিসুখের প্রবাহ বন্ধ হবে। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এটি এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্যের হাউস অব কমনসের ৩৮২ জন সদস্য (এমপি) পদ্ধতিটির পক্ষে এবং ১২৮ জন বিপক্ষে গত মঙ্গলবার ভোট দেন। প্রস্তাবটি এবার পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে উত্থাপিত হবে। কিন্তু সেখানে এটি সহজেই অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে।
আইভিএফ আইনে পরিবর্তনের ফলে স্বাভাবিকভাবে মা ও বাবার ‘নিউক্লিয়ার’ ডিএনএ সংগ্রহ করা হবে। পাশাপাশি ওই ভ্রূণে থাকবে আরেক নারীর কাছ থেকে সংগৃহীত সামান্য পরিমাণ সুস্থ এমডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। যুক্তরাজ্যে প্রজননক্ষম প্রায় আড়াই হাজার নারী বংশানুক্রমিক মাইটোকন্ড্রিয়াজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এমডিএনএর পাশাপাশি এসব রোগ তাঁদের সন্তানের মধ্যেও প্রবাহিত হওয়ার ঝুঁকি থাকে। পরিণামে দৃষ্টিশক্তির দুর্বলতা থেকে শুরু করে ডায়াবেটিস এবং পেশিক্ষয়ের মতো উপসর্গ দেখা দিতে পারে। পাশাপাশি মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও যকৃতে জটিলতাও হতে পারে।
মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো মানবদেহের বিভিন্ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১২৫টি শিশু মাইটোকন্ড্রিয়াল রোগ নিয়ে জন্ম নেয়। আর সারা বিশ্বে প্রতি সাড়ে ছয় হাজার শিশুর মধ্যে একটি শিশুর এ ধরনের দুরারোগ্য রোগ হয়।
আইভিএফ আইনে পরিবর্তন করার ফলে যুক্তরাজ্যের হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি (এইচএফইএ) নিউক্যাসলের একটি গবেষণাকেন্দ্রে প্রথমবারের মতো তিন মা-বাবার ডিএনএ থেকে সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেবে। আর তাহলে বিশ্বে নতুন আইভিএফ পদ্ধতিতে জন্মানো প্রথম শিশুটি যুক্তরাজ্যেই আগামী বছরের মধ্যে জন্ম নেবে বলে আশা করা হচ্ছে। এতে দেশটিতে মাইটোকন্ড্রিয়াল রোগে আক্রান্ত শিশু জন্ম নেওয়ার হার কমে যাবে এবং বহু পরিবার সুস্থ ও সুখী জীবনযাপনের সুযোগ পাবে।
তবে ধর্মীয় নেতা ও বিজ্ঞানীদের একটি অংশ তিন মা-বাবার সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়াটির সমালোচনা করছেন। তাঁদের যুক্তি, এভাবে মানবসন্তান জন্মানোর পরিকল্পনা নিরাপদ ও নৈতিক নয়। এ প্রক্রিয়া চালু হলে বহু মানবভ্রূণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে।
সূত্র: এএফপি, রয়টার্স ও বিবিসি