তুমি কি কেবলই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজীনা মুস্তারীন
রোজীনা মুস্তারীন

বৈশাখের প্রথম দিন এলেই রমনার বটমূল। ছায়ানটের গান। বাঙালির আনন্দের মাতন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সম্মুখ প্রাঙ্গণে শত শত কিশোর-কিশোরী, তরুণ-তরুণীর গলায় স্বতঃস্ফূর্ত গান। আনন্দ, কেবলই আনন্দ। মানুষ ঘুরে বেড়ায়। সারা রাত চলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আলপনা আঁকা। চারুকলা থেকে শোভাযাত্রা; মানুষের ঢল নামে আনন্দের।
আর এই বৈশাখেই আসে ২৭ এপ্রিল। ২৮ এপ্রিল। ২৭ এপ্রিল, ১৩ বৈশাখ টুশির (রোজীনা মুস্তারীন) হারিয়ে যাওয়ার দিন। ২৮ এপ্রিল আমার বাবার (আবহাওয়াবিদ মো. আব্দুর রউফ) শেষনিঃশ্বাস রাখার দিন।
টুশি যদি থাকত, কত আনন্দ হতো। বাবা তো তাঁর সব কাজ গুছিয়ে তবেই না অনন্ত জগতে হারিয়ে গেছেন স্রষ্টার নির্দেশে। কিন্তু আশায় জ্বলজ্বল একটি সম্ভাবনা এত তাড়াতাড়ি চলে গেল। এ কেমন যাওয়া তার! ফুল ফোটার আগেই ঝরে গেল! কৃষ্ণচূড়া গাছের নিচে যেন ডানাভাঙা একটি ছোট পাখি।
ও তো ডানা মেলে উড়তে চেয়েছিল। যেতে চেয়েছিল অনেকটা পথ। কেবল স্বপ্নভরা চোখ তার দূরের আলোয় দিশেহারা হতো। নন্দিনী, তুমি কোথায় কত দূরে যেতে চেয়েছিলে?
বৈশাখ মাস বড় আনন্দের সব বাংলাদেশের মানুষের। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান-আদিবাসী—সব মানুষ একসঙ্গে মিলে হেসে ওঠে যেন। এ মিলন একতার, সাম্যের। এ মাসে ধান তোলেন গাঁয়ের কৃষক। নবান্নের ধুম জাগে পুরো বাংলাদেশে। দূর থেকে বাংলাদেশের মানুষ শহরে আসে। চেয়ে চেয়ে দেখে। ছুঁয়ে দিতে চায় এই অপার আনন্দমেলা।
টুশির বাবা আর আমি বৈশাখের প্রথম দিনটিতে রমনার বটমূলে যাই। অনেক আনন্দের ভিড়ে খুঁজে ফিরি আমাদের পাখিটাকে। আমাদের কৃষ্ণচূড়া-কন্যাকে। ঠিক ওদেরই মতো সাদা শাড়ি লাল পাড় পরে, খোঁপায় সাদা বেলির পরশ ছুঁয়ে ঘুরে বেড়াত নিশ্চয়ই। যে আকাশকে ভালোবাসত; ফুল, পাখি, নদীকে ভালোবাসত। সমুদ্রসৈকতে লাফিয়ে উঠত একরাশ আনন্দে। কলকল যার কণ্ঠজুড়ে। চমৎকার আবৃত্তি করত। মিষ্টি কণ্ঠে গানের এত সুর ছিল তার। আর ছিল সবাইকে আপন করে নেওয়ার এক দারুণ ক্ষমতা।
দেশকে ভালোবাসত। এ দেশের মানুষকে ভালোবাসত। গাঁয়ে বেড়াতে গেলে ট্রেন থেকে মুঠো মুঠো চকলেট দিত অগণিত মানুষকে। গাঁয়ের মানুষের জন্য ওর ছিল অন্য রকম দরদ। ঘুরে ঘুরে এ-বাড়ি ও-বাড়ি করে নদীর ধারে যেত—সুরমা নদী, যাকে সে ভালোবাসত।
শামা আমার বড় মেয়ে ওর সঙ্গীকে হারিয়ে বুকের পাঁজরের অর্ধেকই তার ভেঙে গেছে। মিশুক—টুশির ভাই, ছোটপাকে সে এখনো খুঁজে ফেরে। ছোটপা ছিল তার গাইড। ছোটপাকে হারিয়ে সে দিশেহারা।
অনিকা, রুমকী ও প্রিয়াঙ্কা (টুশির খালাতো বোন) আজও বলে টুশির কথা। তাদের মা রোশনা টুশির জন্য মাঝেমধ্যেই মিরপুর কবরস্থানে ছুটে যান। ছোটবেলায় যে কোলে নিয়ে আদর করেছেন টুশিকে। মায়ের অনুপস্থিতিতে তাকে মজার মজার ছড়া, গল্প শুনিয়েছেন।
সেই টুশি—
‘... তুমি কোন কাননের ফুল গো
কোন গগনের তারা...’
চেয়ে চেয়ে দেখি রাত্রি নিশীথে নিস্তব্ধ আঁধারে... ওই আকাশে কোন তারায় নীল তুমি। আজ ‘তুমি কি কেবলই ছবি। শুধু পটে আঁকা...।’
লেখক: রোজীনা মুস্তারীনের মা