তৃণমূলের ওয়েবসাইট হ্যাক করেছিল ‘ব্ল্যাক হ্যাট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ ফেব্রুয়ারি বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইট হ্যাক করেছিল ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স’। অবশ্য আজ বৃহস্পতিবার থেকে সাইটটি আবারও দেখা যাচ্ছে। এক খবরে এ তথ্য দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।যুক্তরাষ্ট্রের সার্ভারে থাকা www.aitmc.org নামের ওয়েবসাইটটি ১৫ ফেব্রুয়ারি রাতে হ্যাক করে হ্যাকার দলটি। তৃণমূল কংগ্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে টিওআই। হ্যাকার দলটি সম্পর্কে ভারতীয় পুলিশ তদন্ত করছে।এদিকে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটটি কয়েক ঘণ্টা বন্ধ থাকলেও তেমন কোনো ক্ষতি হয়নি বলেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ও সাইবার শাখার প্রধান ডেরেক ও’ব্রায়ান পিটিআইকে জানিয়েছেন। ঘটনার পর কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দাখিলের কথাও জানিয়েছেন তিনি।ওয়েবসাইট হ্যাক করার পর সেখানে একটি বার্তাজুড়ে দিয়েছিল ব্ল্যাক হ্যাট। বার্তায় তিস্তা চুক্তি নিয়ে কোনো আন্তর্জাতিক ঘোষণা না দেওয়া পর্যন্ত সাইবারযুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। হ্যাকার গ্রুপ ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স’ তাদের ফেসবুক পেজে এ বিষয়ে বার্তাও দিয়েছে।এর আগে চীনের সাংহাই নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, বাংলাদেশি হ্যাকাররা এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি ভারতীয় ওয়েবসাইটে হামলা চালিয়েছে। ভারতের ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলও একই তথ্য দিয়েছিল। ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের সরকারি কয়েকটি ওয়েবসাইট হ্যাক করার পর থেকেই এ সাইবারযুদ্ধের শুরু। বাংলাদেশি ও ভারতীয় হ্যাকারদের এ সাইবারযুদ্ধ যে সহসাই থামছে না, ইন্টারনেটে ছড়িয়ে পড়া হ্যাকারদের বিভিন্ন বার্তা থেকে এমন আভাসই পাওয়া যাচ্ছে।এদিকে ১৬ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে জানা গেছে। তবে সাইটটি কারা হ্যাক করেছে, তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।