তৃতীয় বিশ্বযুদ্ধ!

বিশ্বখ্যাত বেশ কয়েকটি সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তাতে ভুয়া খবর ছড়িয়েছেন টুইটার হ্যাকাররা। ১৬ জানুয়ারি শুক্রবার নিউইয়র্ক পোস্ট, ইউপিআইসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। হ্যাকারদের কবলে পড়া ওই অ্যাকাউন্টগুলো থেকে ভুয়া অর্থনৈতিক ও সামরিক খবর প্রকাশ করা হয়।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের ফিডের এক টুইটে লেখা হয়, ‘পোপ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।’ নিউইয়র্ক পোস্টের ব্যবসা বিভাগের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ফেডারেল রিজার্ভের এক বিতর্কিত সিদ্ধান্তের পর ব্যাংক অব আমেরিকার প্রধান নির্বাহী সবাইকে শান্ত হতে বলেছেন।
নিউইয়র্ক পোস্টের মুখপাত্র জেনি ট্র্যাটিকফ বলেন, ‘হ্যাকের বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
ইউপিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদেরর টুইটার অ্যাকাউন্ট ও ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছিল। টুইটারে ছয়টি ভুয়া খবরের শিরোনাম দিয়ে টুইট করা হয় এবং ওয়েবসাইটের ব্রেকিং নিউজ বিভাগে একটি ভুয়া নিউজ প্রকাশ করা হয়। পরে ইউপিআইয়ের কারিগরি টিম হ্যাকারদের হাত থেকে সাইট ও টুইটার অ্যাকাউন্ট উদ্ধার করেছেন।
সম্প্রতি বড় বড় প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট, ক্রেওয়ালার ফেসবুক পেজ, বার্গার কিংয়ের টুইটার পেজ সনি পিকচার্স হ্যাকের মতো ঘটনা এর সাক্ষী।