আচ্ছা, একটা বুদ্ধির খেলা দেখুন। গণিতের খুব বেশি জানার দরকার নেই। শুধু উৎসাহই যথেষ্ট। চট করে বলুন তো, ১ থেকে ২১ পর্যন্ত শুধু বেজোড় সংখ্যাগুলোর যোগফল কত? মানে, ১ + ৩ + ৫ + ... + ২১ = ? এ ধরনের যোগোত্তর ধারার (অ্যারিথমেটিক প্রোগ্রেশন) রাশিমালার যোগফল বের করার জন্য পাটিগণিতের একটি সূত্র রয়েছে। সেটি হলো : (প্রথম পদ + শেষ পদ) * (পদসংখ্যা) / ২ = (১ + ২১) * ১১ / ২ = ২২ * ১১ / ২ = ১১ * ১১ = ১২১ । কিন্তু সূত্রটি জানলেও মনে মনে হিসাব করে ফল বের করা কঠিন ও সময়সাপেক্ষ। তাহলে কীভাবে সহজে এর উত্তর বের করবেন? খুব সোজা। প্রথমে সব কটি সংখ্যার সঙ্গে ১ করে যোগ করুন। তাহলে রাশিমালা দাঁড়াবে এ রকম: (২ + ৪ + ৬ + ৮ + ....২২), অর্থাৎ ২ থেকে ২২ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। এবার যদি সব কটি রাশির অভিন্ন উৎপাদক ২ বের করে নিই, তাহলে রাশিমালা হবে: ২ * (১ + ২ + ৩ + ... + ১১)। এখন আপনি সহজেই বুঝতে পারছেন যে পদসংখ্যা মোট ১১ এবং এটাও মনে রাখুন যে প্রথমে প্রদত্ত ১১টি সংখ্যার প্রতিটির সঙ্গে আপনি ১ করে যোগ করেছেন। এবার দেখা যাক, এই নতুন রাশিমালার যোগফল কত হয়। এটা হবে ২ * (১ + ১১) * ১১ / ২ = (১ + ১১) * ১১ = ১২ * ১১ = ১৩২। এবার এই যোগফল থেকে ১১ বিয়োগ করতে হবে, কারণ আপনি প্রথমে ১১টি সংখ্যার সঙ্গে ১ করে মোট ১১ যোগ করেছেন। তাই (১ + ৩ + ৫ + ... + ২১) = (১৩২ - ১১) = ১২১। এভাবে আপনি মনে মনে হিসাব করেই যোগফলটি বের করতে পারেন।
এখানে মনে রাখুন, ১১ দিয়ে গুণ করার একটা সুবিধা আমরা পেয়েছি। কোনো সংখ্যাকে ১১ দিয়ে গুণ করার একটি সহজ পদ্ধতি আছে। যেমন, ১২–কে ১১ দিয়ে গুণ করতে হলে শুধু ১২ সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল বের করলেই চলবে। এখানে যোগফল (১ + ২) = ৩। এখন ১২-এর অঙ্ক দুটির মাঝখানে ৩ বসিয়ে দিলেই গুণফল পেয়ে যাব। ১২ * ১১ = ১ ... ২ = ১৩২। একই নিয়মে আমরা যেকোনো সংখ্যাকে ১১ দিয়ে সহজে গুণ করতে পারি। এ বিষয়ে আরও জানার জন্য আমার লেখা ‘গণিতের জাদু’ বইটি পড়তে পারেন। এটি প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে।
আপনি কাউকে বোকা বানাতে চাইলে অনেক সময় আপাতজটিল গণিতের কোনো সমস্যা দিতে পারেন। যেমন: বললেন সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ১৬৮ ও ২১০-কে ভাগ করলে প্রতিবারই ২১ অবশিষ্ট থাকবে? এর উত্তরে তিনি হয়তো নিয়ম অনুযায়ী প্রথমে সংখ্যা দুটি থেকে ২১ বিয়োগ করে দুটি সংখ্যা বের করে তাদের গ.সা.গু. (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) বের করবেন। যেমন: (১৬৮ - ২১) = ১৪৭ এবং (২১০ - ২১) = ১৮৯। এদের গ.সা.গু. = ২১। সুতরাং তিনি কিছু না ভেবেই হয়তো বলবেন, উত্তর ২১। কিন্তু না, ভুল। কারণ, আপনি ১৬৮ ও ২১০ সংখ্যা দুটিকে ২১ দিয়ে ভাগ করলে আসলে কোনো অবশিষ্টই থাকবে না। সুতরাং উত্তরটি হবে, ‘প্রশ্নটিই ভুল। কারণ, সংখ্যাগুলো থেকে ২১ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যা দুটির গ.সা.গু. যেহেতু ২১, তাই মূল সংখ্যা দুটিকে ২১ দিয়ে ভাগ করলে আবার ২১ অবশিষ্ট থাকার প্রশ্নই আসে না।’
এ সপ্তাহের প্রশ্ন
তিন আপন ভাইবোনের বয়সের গুণফল ৪৮। যদি এদের দুই ভাইবোন যমজ হয়, তাহলে তৃতীয় জনের বয়স কত? এখানে ধরে নিতে হবে প্রত্যেকের বয়স পূর্ণ বছর, ভগ্নাংশ হিসাবে ধরা হয়নি।
উত্তর অনলাইনে মন্তব্য আকারে অথবা আমার ই-মেইলে পাঠাতে পারেন।
গত সপ্তাহের প্রশ্নের উত্তর
প্রশ্নটি ছিল এ রকম: একজন তরুণ গণিতবিদ বলছেন, গত পরশু তাঁর বয়স ছিল ২১। আর আগামী বছর তাঁর বয়স হবে ২৪। এখন বলতে হবে, সেই গণিতবিদের জন্মতারিখটি কত এবং তিনি কবে, কোন তারিখে তাঁর বয়সের কথাটি বলেছেন?
উত্তর: জন্মতারিখ ৩১ ডিসেম্বর এবং তিনি ১ জানুয়ারি কথাটি বলেছেন।
এ প্রশ্নের সঠিক উত্তর অনেকেই দিয়েছেন। তাদের সবাইকে ধন্যবাদ। আবার অনেকে বলেছেন জন্ম তারিখ ২৯ ফেব্রুয়ারি। এটা ঠিক নয়। কারণ, তাহলে চার বছর পর আবার ২৯ ফেব্রুয়ারি আসবে, ৩ বছর পর নয়। অবশ্য যাদের জন্ম ২৯ ফেব্রুয়ারি, তাদের অনেকেই পরের বছর ২৮ ফেব্রুয়ারির পরদিন হিসেবে ১ মার্চকেই জন্ম তারিখ হিসাবে পালন করেন।
কেন ৩১ ডিসেম্বর?
এটা মনে মনে একটু হিসাব করলেই বোঝা যায়। কারণ, ১ দিনের ব্যবধানে বয়স বাড়ল ১ বছর, সেই একই বছরে বয়স বাড়ল আরও এক বছর এবং পরের বছর আরও এক বছর। এই শর্ত পূরণ করতে হলে একমাত্র ৩১ ডিসেম্বর ছাড়া গতি নেই।
সুনির্দিষ্টভাবে বলা যায়, জন্মতারিখ ডিসেম্বরের ৩১ তারিখ হলেই ১ জানুয়ারি তিনি বলতে পারবেন, ‘গত পরশু দিন’ মানে আগের বছর ৩০ ডিসেম্বর তাঁর বয়স ছিল ২১ বছর এবং এর পরের দিন, সেই আগের বছরেরই ৩১ ডিসেম্বর হয়ে যাবে ২২ বছর। পরের বছরের ১ জানুয়ারিতেও সেই ২২ বছর। এরপর এই নতুন বছরের ৩১ ডিসেম্বর তাঁর বয়স হবে ২৩ বছর। এবং তার পরের বছর ৩১ ডিসেম্বর হবে ২৪ বছর! ঠিক কি না?