জীবনের প্রয়োজনেই মানুষকে এখন উচ্চগতির তথ্যপ্রবাহ ও যোগাযোগপ্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সহজলভ্য এবং দ্রুতগতিসম্পন্ন করা গেলে প্রতিদিনকার জীবনযাত্রাসহ অর্থনৈতিক খাতেও বিরাট পরিবর্তন আসবে। বাংলাদেশের সব জায়গায় তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক সম্প্রসারণ করা গেলে দেশের সব খাতে উন্নয়ন হওয়া সম্ভব। তবে যেসব প্রতিষ্ঠান থ্রিজি সেবা দেবে, সেসব প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের পরিপূর্ণ সেবা ও থ্রিজির সব সুবিধা দিতে প্রয়োজনীয় অনেক অবকাঠামো স্থাপন ও ডেটা প্রেরণের অধিকতর শক্তিশালী যন্ত্রপাতি স্থাপন করতে হবে। কেবল তাহলেই আধুনিক তথ্যপ্রযুক্তির ফলাফল পুরোপুরি পাওয়া সম্ভব। গতকাল সোমবার রাজধানীতে ‘থ্রিজি ও দ্রুততর ইন্টারনেট প্রযুক্তি: বাংলাদেশে এর ভবিষ্যত্’ বিষয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। টেলিযোগাযোগ ও ইন্টারনেট অবকাঠামো ও যন্ত্রপাতি সেবাদাতা প্রতিষ্ঠান এরকিসন বাংলাদেশ লিমিটেড (ইবিএল) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপস্থিত ছিলেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক গ্যারি ডি লিং, প্রোডাক্ট এনগেজমেন্ট ম্যানেজার হ্যান্স হারলেনিয়াস ও প্রধান যোগাযোগ কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানসহ অনেকে। উচ্চ গতির ইন্টারনেট বিষয়ে গ্যারি ডি লিং বলেন, বিশ্বজুড়ে ভয়েস কলের চেয়ে ডেটা স্থানান্তরের হার বাড়ছে। এ কারণে এত বিপুল পরিমাণ ডেটা স্থানান্তর করতে ইন্টারনেটের উচ্চগতি নিশ্চিত করতে ব্যান্ডউইথ বাড়ানোসহ মোবাইল অপারেটরদের অবকাঠামোগত সুবিধা শত ভাগ নিশ্চিত করা প্রয়োজন। ইবিএলের এ ধরনের অনেক যন্ত্রপাতি রয়েছে, যা এসব কাজ করতে সক্ষম।অনুষ্ঠানে ইবিএলের প্রস্তুতকৃত এরিকসন মোবাইল ব্যাকহোল সল্যুশন প্রদর্শন ও এর কার্যপরিধি বিস্তারিত উপস্থাপন করা হয়। —জিয়াউর রহমান চৌধুরী