তেজগাঁও কলেজে সুন্দরবনের জন্য ভোট গ্রহণ
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে ঢাকার তেজগাঁও কলেজে ভোট নেওয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ বন বিভাগ ও নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনইউবি) যৌথভাবে তেজগাঁও কলেজ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা অবনী ঠাকুর ভোট প্রদানের মাধ্যমে সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহকারী বন কর্মকর্তা মোক্তার হোসেন ও নর্দান বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার সাইফুল আলম, তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারহানা আফরোজ, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক শারমিন নাহার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি তেজগাঁও কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ বলেন, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের মাধ্যমে সুন্দরবনের সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরতে হবে। এ জন্য সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ভোট দিতে আসা তেজগাঁও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বিল্লাল হোসেন বলেন, ‘আজকে এই সুযোগ হওয়ার কারণে আমি এবং সব বন্ধু মিলে ভোট করলাম। অনেক ভালো লাগছে।’ আয়োজনটির সহযোগিতায় এনইউবি আইটি ক্লাব। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মুকিত। — বায়েজিদ ভূঁইয়া