তেলাপোকার 'ব্যক্তিত্ব'
আরশোলা বা তেলাপোকা বলে তুচ্ছ মনে করার সুযোগ নেই। কারণ, এদেরও নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য বা ‘ব্যক্তিত্ব’ আছে। বেলজিয়ামের ইউনিভার্সিতে লিবর দ্য ব্রুশেল বিশ্ববিদ্যালয়ের একদল প্রাণিবিজ্ঞানী এ কথা জানিয়েছেন। পেরিপ্লানেটা আমেরিকানা প্রজাতির তেলাপোকা প্রতিকূল পরিবেশের সঙ্গে কীভাবে নিজেকে খাপ খাইয়ে নিয়ে টিকে থাকতে সমর্থ হয়, সেই ব্যাখ্যাও তাঁরা দিয়েছেন। শীর্ষ গবেষক আইজ্যাক প্লানাস বলেন, ছয় পা-ওয়ালা প্রাণীটির রয়েছে সিদ্ধান্ত নেওয়ার মতো জটিল সামর্থ্য। গবেষণায় দেখা যায়, কোনো তেলাপোকা আলো এড়িয়ে দ্রুত কোনো আশ্রয়ে জায়গা করে নিতে পারলে সঙ্গীদেরও একই কাজে অনুপ্রাণিত করে। ফলে অন্যরা খোঁজাখুঁজি না করে সময় বাঁচাতে পারে। অবশ্য প্রতিটি তেলাপোকাই স্বতন্ত্র পছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে। তাদের সমন্বিত ও একক আচরণে পার্থক্য রয়েছে। রয়টার্স।