তোমরা যারা দুষ্টুমি করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার হাতে মার খায়নি এমন বঙ্গসন্তান কি আছে? থাকলেও হাতে গোনা যাবে নিশ্চয়ই। এখনো এই ধারা অব্যাহত বলে আমরা জানি। তাই সেই কোমলমতি পাঠকদের জন্য এই আয়োজন। যেখানে শৈশবের ত্রাস হিসেবে কুখ্যাত কিছু দেশীয় অস্ত্রের পরিচয় এখানে তুলে ধরা হলো। সেই সঙ্গে এর থেকে বাঁচার উপায়ও। আর যাঁরা মার খাওয়ার বয়স পেরিয়ে এসেছেন, তাঁরা স্মৃতি রোমন্থন করুন। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লিখেছেন মোস্তফা মনোয়ার

চিরুনি
চিরুনি

চিরুনি
এই বস্তুটির আসল কাজ চুল আঁচড়ানো। তবে আমাদের মা ও বড় বোনেরা এটিকে প্রায়ই হালকা অস্ত্র হিসেবে ব্যবহার করেন। আমাদের যেসব অপরাধ ক্ষমা করে দিলেও দেওয়া যায় কিন্তু আবার ক্ষমা করার মতোও নয়, সেসব অপরাধেই এই অস্ত্রটি বেশি ব্যবহার করা হয়।
বাঁচার উপায়
যখন দেখবে তোমার মা কিংবা বড় বোন চুল আঁচড়াচ্ছেন তখন পারতপক্ষে তাঁদের কাছাকাছি না থাকাই ভালো। সাবধান থাকতে হবে, সেসব মুহূর্তে যেকোনো ধরনের দুষ্টুমি বর্জনীয়। এই অস্ত্র তোমার বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার সময় তুমি চাইলে দৌড় দেওয়ার চেষ্টা করতে পারো, বেঁচে যাওয়ার সুযোগ আছে।

.
.

চামচ ও ডাল ঘুঁটনি
আমাদের সবার বাসায় বিভিন্ন রকম চামচ থাকে। চামচের কাজ হচ্ছে খাবার খাওয়া কিংবা পরিবেশন করা। কিন্তু অবস্থা বিশেষে চামচ হালকা কিংবা ভারী অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। আমাদের অপরাধ যখন মোটামুটি ক্ষমা করে দেওয়ার আওতার বাইরে, তখনই এটি বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন রকম চামচের মাঝে ভাত নাড়ার চামচ হাতিয়ার হিসেবে প্রসিদ্ধ। এ ছাড়া ডাল ঘুঁটনিও বেশ বিধ্বংসী হিসেবে সুপরিচিত।
বাঁচার উপায়
মা যখন রান্নাঘরে থাকবেন তখন পারতপক্ষে কোনো ধরনের অপরাধ না করাই ভালো। কাঠের চামচ হলে মারার সময় আত্মরক্ষা করা যেতে পারে, স্টিলের চামচে আত্মরক্ষার চেষ্টা না করাই ভালো, তাতে হাত বা শরীরের অন্য কোনো অংশ কেটে যেতে পারে। ডাল ঘুঁটনির বেলায়ও এটা প্রযোজ্য।

ক্রিকেট ব্যাট
ক্রিকেট ব্যাট

ক্রিকেট ব্যাট
খুদে ক্রিকেটারদের জন্য এটা ফ্রাঙ্কেনস্টাইন! যে ব্যাটটি দিয়ে চার-ছক্কা মারা হয় মাঠে, সেই ব্যাটই বাসায় হয়ে যায় বাবার হাতের অস্ত্র! সাধারণত শিশু-কিশোরদের গুরু দোষ যেমন সারা দিন খেলাধুলা করা, খেলার পর ঘরে ফিরতে দেরি করা—এ–জাতীয় অপরাধের শাস্তির জন্য এই অস্ত্র বেশি ব্যবহৃত হয়।
বাঁচার উপায়
ক্রিকেট খেলার পর ব্যাট একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় চোরাপথে তা বাসায় এনে রাখা। আর বিকেলবেলা খেলাধুলা করার পর ঘরে ফিরতে দেরি হয়ে গেলে ব্যাট হাতে ঘরে প্রবেশ না করা। অন্যথা হলে হাতের ব্যাট পিঠে পড়বেই!

রুটি বানানোর বেলন
রুটি বানানোর বেলন

রুটি বানানোর বেলন
রুটি বানানোর এই কাষ্ঠখণ্ডটি শৈশবের ত্রাস হিসেবে ‘খ্যাত’ পুরো বাংলায়। বাংলার ঘরে খুব কম শিশু-কিশোরকেই পাওয়া যাবে, যারা এই ‘জিনিসের’ স্বাদ গ্রহণ করেনি। এই অস্ত্রটি সাধারণত মায়েদের মোবাইল কোর্টের দেওয়া শাস্তি বিধানের জন্য ব্যবহৃত হয়। যেমন ধরো, তোমার মা রান্নাঘরে রুটি বানাচ্ছেন, আর পাশের ঘরে তুমি আর তোমার ভাই মিলে রেসলিং শুরু করলে, দেখবে, তোমার মা বেলন নিয়ে এসে উপস্থিত,
তারপর সব ঠান্ডা!
বাঁচার উপায়
মা যখন রান্নাঘরে রুটি বানাচ্ছেন, তখন কোনোভাবেই ঝামেলা পাকাবে না!

স্যান্ডেল
স্যান্ডেল

স্যান্ডেল
অস্ত্র হিসেবে স্যান্ডেল অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী। এই অস্ত্র সাধারণত বিশেষ অবস্থায় ব্যবহৃত হয়। মূলত অস্ত্রের বিকল্প হিসেবেই এর ব্যবহার বেশি। দেখা গেল, তোমাকে মারার জন্য তোমার মা-বাবা কিছু পাচ্ছেন না, তখন পায়ের স্যান্ডেলটা খুলে নিতে বাধ্য হন তাঁরা। এই অস্ত্র সাধারণত জটলা পাকানো পরিস্থিতিতেই বেশি ব্যবহৃত হয়।

বাঁচার উপায়

এ অস্ত্র থেকে সাধারণত বাঁচার উপায় চুপ হয়ে যাওয়া। পালানোর চেষ্টা করবে না! পালানোর চেষ্টা করলে স্যান্ডেল ছুড়ে মারার অনেক নজির আছে।

ঝাড়ু
ঝাড়ু

ঝাড়ু
এর প্রধান কাজ হচ্ছে ঘরদোর পরিষ্কার রাখা। কিন্তু অস্ত্র হিসেবে এ জিনিস বড় মারাত্মক! সাধারণত বড় ধরনের অপরাধেই এদের বেশি ব্যবহার করা হয়। যেমন ধরো, তুমি পরীক্ষায় ফেল করলে কিংবা পাশের বাড়ির ছেলের সঙ্গে মারামারি বাধিয়ে বসলে। কিছুক্ষণ পরে তোমার বাবার কাছে যখন বিচার আসবে, তখন অস্ত্র কিন্তু একটাই—ঝাড়ু!

বাঁচার উপায়
দুঃখিত! এ জিনিস থেকে বাঁচার কোনো উপায় নেই! এই ‘মারণাস্ত্রের’ সম্মুখীন হলে খুব দ্রুত নিজের অপরাধ স্বীকার করে মা-বাবার কাছে মাফ চেয়ে আত্মসমর্পণ করো, তাতে যদি কিছু কাজ হয়!