তৈরি পোশাক ব্যবসায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা
তৈরি পোশাকশিল্প বা ফ্যাশন হাউসে প্রযুক্তির ব্যবহার নিয়ে গত শুক্রবার একটি মতবিনিময় সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন প্রযুক্তিতে বাংলাদেশ। আলোচনায় পরামর্শক হিসেবে ছিলেন ফ্যাশন হাউস দেশালের পরিচালক সবুজ সিদ্দিকী। তিনি বলেন, ‘এ ব্যবসায় সততাই প্রধান সম্পদ। দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও লোকজ ঐতিহ্যের নান্দনিক উপস্থাপনে সাফল্য আসে।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলফা ডিজিটালের প্রধান নির্বাহী মামুনুর রশীদ, প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি সুফি ফারুক ইবনে আবু বকর, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলামসহ অনেকে। এতে তরুণ কয়েকজন উদ্যোক্তা এবং ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান এমন শিক্ষার্থীরাও অংশ নেন। সুফি ফারুক ইবনে আবু বকর বলেন, উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হতে হবে, উদ্যোগটির প্রতি ভালোবাসা আর গভীর আগ্রহ—অর্থ উপার্জন হতে হবে দ্বিতীয় লক্ষ্য। এই যুগে যেকোনো উদ্যোগ সফল করতে চাই প্রযুক্তির কার্যকর ব্যবহার। —বিজ্ঞপ্তি