তৈরি হচ্ছে তথ্য অধিকার পোর্টাল
তথ্য কমিশনের তথ্য অধিকার পোর্টাল নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হবে বলে উদ্যোক্তারা আশা করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত মঙ্গলবার এ বিষয়ে তথ্য কমিশন এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি—ইউএনডিপির সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি তথ্য অধিকার পোর্টাল তৈরি করবে। এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান ও তথ্য কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার স্মারকে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির।ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগ হিসেবে সরকার তথ্য অধিকার আইন-২০০৯ অনুমোদন করে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করা হয় তথ্য কমিশন। তথ্য অধিকার পোর্টালে জনগণ তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার পাশাপাশি আইন-সংক্রান্ত তথ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, যোগাযোগের ঠিকানা ইত্যাদি থাকবে। —বিজ্ঞপ্তি