‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ল্যাপটপ কম্পিউটার প্রদানের পদ্ধতিটি সময়োপযোগী ও আনন্দদায়ক। শিক্ষার্থীরা এই সুযোগকে আয়ত্ত করে ও প্রয়োগের মাধ্যমে এর সঠিক ব্যবহার করতে পারবে। আমাদের দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার ৫০০ মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ গড়ে তোলা হবে।’ গতকাল শনিবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। ২০১০ গ্রীষ্ম সেমিস্টার থেকে শুরু করে আগামী দিনগুলোতে এক শিক্ষার্থী এক ল্যাপটপ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বিনা মূল্যে ল্যাপটপ প্রদান করার কর্মসূচি হাতে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বড়াতে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন। অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। ল্যাপটপ কম্পিউটার প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের উপদেষ্টা এম শাহজাহান মিনা স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিনুল ইসলাম। —মোছাব্বের হোসেন