তৈরি হল ভিআর জোট

ভারচুয়াল রিয়্যালিটি (ভিআর) নিয়ে আন্তর্জাতিক একটি জোট গঠন করেছে বিশ্বের কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। এসারের স্টারব্রিজ, ফেসবুকের অকুলাস, এইচটিসি ভাইভ, স্যামসাং ও সনি ইন্টারঅ্যাকটিভ মিলে ‘গ্লোবাল ভারচুয়াল রিয়্যালিটি অ্যাসোসিয়েশন’ (জিভিআরএ) নামের একটি অলাভজনক সংস্থা গঠন করেছে। এই সংগঠনটি ভারচুয়াল রিয়্যালিটি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও সকল ভারচুয়াল রিয়্যালিটি নির্মাতা ও গ্রাহককে এক জায়গায় আনবে।
জিভিআরএর এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির লক্ষ্য হচ্ছে ভারচুয়াল রিয়্যালিটি উন্নয়ন ও বিশ্বজুড়ে এর ব্যবহার বাড়ানো। এ সংস্থার সদস্যরা এর নিয়মকানুন তৈরি করবেন ও মেনে চলবেন। পাশাপাশি এ নিয়ে উন্নয়ন অব্যাহত রাখবেন। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার বাড়াতে একে আইটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাবেন এর সদস্যরা।
এখনো ভারচুয়াল রিয়্যালিটি ইন্ডাস্ট্রির প্রাথমিক পর্যায় চলছে। ভিআর হেডসেটের দামও বেশি। প্লেস্টেশন ভিআরের দাম ৩৯৯ মার্কিন ডলার আর এইচটিসি ভাইভের দাম ৭৯৯ মার্কিন ডলার।