তৈরি হলো সরকারি সেবার অ্যাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাতের মুঠোয় সেবা’—এই স্লোগান সামনে রেখে শেষ হলো নয় দিনব্যাপী সরকারি সেবামূলক মোবাইল অ্যাপলিকেশনস (অ্যাপস) তৈরির কর্মশালা। দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ২৫টি দলে ভাগ হয়ে তাঁরা ২৫টি বিষয়ভিত্তিক অ্যাপস তৈরি করেন। প্রতিটি দলে ছিলেন একজন করে সমন্বয়কারী। গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গুগল, বাংলালায়ন ও টেলিটক থ্রিজি।

কর্মশালার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমএসটিআই) মিলনায়তনে। শেষ পর্ব অনুষ্ঠিত হয় গতকাল শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিলনায়তনে।
শেষ পর্বে ২৫টি অ্যাপসের মধ্য থেকে তিনটি অ্যাপসকে নির্বাচন করে নির্মাতাদের পুরস্কৃত করা হয়। বিজয়ী তিন অ্যাপস হলো সিকিউরিটি অ্যান্ড ল এনফোর্সমেন্ট সার্ভিস, আই উইটনেস এবং মা ও শিশু। গতকাল সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য এম রেজওয়ান খান, এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরীসহ আরও অনেকে।
সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে অ্যাপসগুলোর বিষয় নির্বাচন করা হয়। বিষয়গুলো নির্বাচন করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ৩৫ জন ডোমেইন বিশেষজ্ঞ।
—মো. রাফাত জামিল