তোমাদের ছবি, তোমাদের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০০৮ সালের জানুয়ারির এক দুপুরে আমার ছোট দুই বোন লীনা-মিলি আর তাদের দুই বন্ধু নিশান ও মেহেদীর নামে একটা চিঠি এল। চিঠিতে শিল্পী মুস্তাফা মনোয়ার, প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও দীপু নাম্বার টুখ্যাত চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলামের স্বাক্ষর। চিঠি পড়ে জানা গেল, কদিন বাদেই শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্রবিষয়ক একটি রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ায় লীনা, মিলি, নিশান আর মেহেদী শিশু প্রতিনিধি হিসেবে সেখানে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
চারজনই ছোট, ওদের তো আর একা ছাড়া যায় না। আমিও ওদের চেয়ে খুব বড় নই, তবু অভিভাবকত্ব নিজের কাঁধে তুলে নিয়ে চললাম সেই উৎসবে। ভেবেছিলাম ছোটখাটো কোনো উৎসব হবে, বাচ্চারা আসবে, ছবি দেখে চলে যাবে। কিন্তু সেখানে গিয়ে আমার ধারণাটাই পাল্টে গেল। শুধু যত খুশি তত চলচ্চিত্র দেখাই নয়, সারা দেশ থেকে নির্বাচিত হয়ে আসা এক শ-রও বেশি শিশু-কিশোরের জন্য রয়েছে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা, সেমিনার, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আড্ডাসহ নানা আয়োজন। মজার ব্যাপার হলো, উৎসবের সব কাজ বড়রা নন, শিশুরাই করছে। উৎসবের খবরাখবর নিয়ে দৈনিক বুলেটিন বের করা থেকে শুরু করে অফিস ব্যবস্থাপনা, টিকিট বিক্রি, ছবি প্রদর্শন, এমনকি সেরা ছবি নির্বাচনের বিচারকার্যও করছে তারা। মাত্র সাত দিনেই সারা দেশ থেকে আসা শিশু-কিশোরেরা সবার এত আপন হয়ে গেল যে বিদায়বেলা সবাই রীতিমতো কান্নাকাটিই শুরু করল।
মনে হলো, এমন একটা উৎসবের সঙ্গে জড়িত থাকতে না পারলে জীবনের অনেকখানিই বৃথা! তাই পরের বছর এই উৎসবের ঘোষণা আসামাত্রই আমি আর আমার দুই বোন আবেদন করে বসলাম স্বেচ্ছাসেবক হওয়ার জন্য।
সেই শুরু, আর ছাড়া হয়নি এই উৎসব। প্রতি বছর অংশ নিয়েছি স্বেচ্ছাসেবক হিসেবে। সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আয়োজিত হলেও এ বছর উৎসবটা হচ্ছে এ মাসে। ১ তারিখ শুরু হওয়া উৎসবের আজই শেষ দিন। আয়োজনের পরিধি কিন্তু ঢাকার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে সারা দেশে। বিশ্বের নানা দেশ থেকেও চলচ্চিত্র সমালোচক ও নির্মাতারা আসেন। শিশুদের অনুপ্রেরণা দিতে উৎসবে এসে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মোস্তফা সরয়ার ফারুকী কিংবা সাকিব আল হাসানেরা যখন নিজেরাই অন্য রকম এক অনুপ্রেরণা নিয়ে যান, তখন সেই উৎসবটা তুমি কেন মিস করবে? চাইলে তুমিও চলে আসতে পারো।
দেশের সব বিভাগীয় শহরে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হচ্ছে বিশ্বের ৩৫টি দেশের ১৫০টি চলচ্চিত্র। থাকছে আমাদের দেশের শিশুদের বানানো দারুণ সব ছবি। বিশিষ্ট ব্যক্তিরা আসছেন, আড্ডা দিচ্ছেন শিশুদের সঙ্গে। চলচ্চিত্রবিষয়ক কর্মশালা-সেমিনারও থাকছে। সারা দেশ থেকে আসা ৪০ জন শিশু নির্মাতা আর প্রায় শ খানেক শিশু স্বেচ্ছাসেবকের সঙ্গে ছবি দেখতে আসছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। আজ উৎসবের শেষ দিনে ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে দেখানো হবে ৪টি চলচ্চিত্র। এগুলো হলো: সকাল ১১টায় রানার (জার্মানি) ও ইনোসেন্স (সিঙ্গাপুর) এবং দুপুর ২টায় শেম অ্যান্ড গ্লাস (ইতালি) ও হরিজন বিউটিফুল (জার্মানি ও ইথিওপিয়া)। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে এবারের উৎসবের সেরা ৫ নির্মাতাকে। চলে এসো!