তোশিবার নতুন ১২টি ল্যাপটপ
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তোশিবা ল্যাপটপের নতুন ১২টি মডেল বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। গত বৃহস্পতিবার ‘এ রিফ্লেকশন অব ইউ’ শিরোনামের এক অনুষ্ঠানে নতুন মডেলের ল্যাপটপগুলো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোশিবা সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি ম্যাক্স লি, হায়রুল বিন মোহাম্মাদ ইব্রাহিম, ম্যারি লিম, বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ ও তোশিবা ব্র্যান্ড ম্যানেজার এ এস এম শওকত মিল্লাত। আনুষ্ঠানিকভাবে তোশিবার মোট পাঁচটি সিরিজের ১২টি নতুন মডেল অবমুক্ত করা হয়েছে। নতুন বৈশিষ্ট্যের ল্যাপটপগুলোর মধ্যে ছিল গ্লাসবিহীন থ্রি-ডি ল্যাপটপ। বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, বিশ্ব তথ্যপ্রযুক্তি বাজারে তোশিবা আস্থার নাম। রমজান মাসে তোশিবা ল্যাপটপের মোট বিক্রীত ল্যাপটপের লভ্যাংশ থেকে একটি নির্দিষ্ট অংশ তোশিবা ও স্মার্টের পক্ষ থেকে দরিদ্রদের সহায়তার জন্য প্রদান করা হবে বলেও জানান তিনি। —নুরুন্নবী চৌধুরী