শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং জাপানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান তোশিবা যৌথভাবে পরবর্তী প্রজন্মের পরমাণু চুল্লি তৈরি করবে। এই পরমাণু চুল্লি কোনো রকম জ্বালানি ছাড়াই ১০০ বছর চলবে। অর্থনীতিবিষয়ক দৈনিক নিক্কেই জানায়, তাদের যৌথ কার্যক্রমটি ট্রাভেলিং ওয়েভ রিয়েক্টরের (টিডবিউআর) ওপর কাজ করবে, যা ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। বর্তমান লাইট ওয়াটার চুল্লিতে কয়েক বছর পর পরই জ্বালানি ভরতে হয়। বিল গেটস এ টিডবিউআরের উন্নয়নে বিনিয়োগ করতে ইচ্ছুক এবং এই বিনিয়োগের পরিমাণ হবে কয়েক শ কোটি ডলার। নিক্কেই আরও জানায়, গেটসের মালিকানাধীন ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান টেরাপাওয়ার এ টিডবিউআর প্রযুক্তি উদ্ভাবন করছে। টেরাপাওয়ার তোশিবার সঙ্গে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তোশিবা এমন একটি অত্যাধুনিক চুল্লির নকশা তৈরি করেছে, যা একটানা ৩০ বছর ধরে চলতে পারে। এ ব্যাপারে তোশিবার পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, তিনি প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান