ত্বকের নিচে বাজবে রিংটোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জনপ্রিয় মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘নকিয়া’ নতুন এবং তাক লাগানো এক প্রযুক্তির বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে। তারা বলছে, মুঠোফোনের রিংটোন বাজলে এখন শরীরের চামড়াও সাড়া দেবে অর্থাৎ কেঁপে উঠবে। নতুন এ প্রযুক্তিতে ব্যবহারকারীদের চামড়ার নিচে লাগানো থাকবে ‘ম্যাগনেটিক ট্যাটু’ অর্থাৎ চুম্বকীয় উলকির মতো একটি যন্ত্র। অন্য কোনো মুঠোফোন থেকে কল আসার সঙ্গে সঙ্গেই এ যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে ভাইব্রেশন অর্থাৎ স্পন্দিত হতে থাকবে। মার্কিন পেটেন্টের জন্য নকিয়া সম্প্রতি নতুন এ প্রযুক্তিটির আবেদন করেছে। অন্য রিংটোনের চেয়ে ত্বকের নিচে লাগানো এ প্রযুক্তিতে রিংটোন ব্যবহারকারীকে অনেক বেশি সতর্ক করে দিতে পারবে। যেকোনো খুদে বার্তা, মিসড কল আসা, এমনকি ব্যাটারির কারণে মুঠোফোন বন্ধ হয়ে গেলেও চামড়ার কাঁপুনির মাধ্যমে সতর্ক করতে সক্ষম হবে এ প্রযুক্তি। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীকে ফোন ব্যবহারের জন্য তাদের বাহুতে আঁচড় বা ছোট একটি অস্ত্রোপচার প্রয়োজন পড়বে। কারণ, প্রযুক্তিটির জন্য চামড়ার নিচে যে ‘ম্যাগনেটিক ট্যাটু’ বসাতে হবে তাতে ব্যবহারকারীদের ছোট একটা অস্ত্রোপচার করতেই হবে। তাই নকিয়া কর্তৃপক্ষ এ প্রযুক্তিটি অত্যন্ত চমৎকার মনে করলেও এর গ্রহণযোগ্যতা কতটুকু হবে, তা নিয়ে চিন্তিত আছে। —মেইল অনলাইন অবলম্বনে প্রদীপ সাহা