ত্রিপুরার মন্ত্রীর ই-মেইল বেদখল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের গ্রামোন্নয়ন, বন ও শিল্পবাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সাইবার অপরাধীরা চুরি করেছে। মন্ত্রীর ই-মেইলের পাসওয়ার্ড চুরি করে মন্ত্রীর নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভুয়া ই-মেইল। এমনি একটি ভুয়া ই-মেইল ছড়িয়ে দেওয়া হয় মন্ত্রীর ঘনিষ্ঠজনদের কাছে। তাতে বলা হয়, ‘আমি এখন সাইপ্রাসে। হঠাৎ সংকটে পড়ে গেছি। এখনই দুই লাখ ডলার ধার চাই।’ এই ই-মেইল পাওয়ার পর মন্ত্রীর ঘনিষ্ঠজনেরা তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলেই ধরা পড়ে যায় ই-মেইল ঠিকানার পাসওয়ার্ড চুরি হওয়ার ঘটনা। এদিকে এ খবর জানার পর মন্ত্রী আর খুলতে পারছেন না তাঁর ই-মেইল। অপরাধীরা বদলে ফেলেছে মন্ত্রীর পাসওয়ার্ড। এ ঘটনার কথা স্বীকার করে মন্ত্রী বলেছেন, তাঁর অনেক ক্ষতি হয়ে গেছে। কারণ, ওই ই-মেইলে তাঁর গুরুত্বপূর্ণ বহু নথি সংরক্ষিত ছিল। —অমর সাহা, কলকাতা