ত্রিমাত্রিক প্রিন্টারে কৃত্রিম রক্তনালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির একদল গবেষক সম্প্রতি ত্রিমাত্রিক বা থ্রিডি প্রিন্টারে কৃত্রিম রক্তনালির অনুলিপি তৈরি করতে সক্ষম হয়েছেন। পরীক্ষাগারে তৈরি বিভিন্ন কৃত্রিম অঙ্গ ইতিমধ্যে শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এ কাজে আরও দক্ষতা বাড়িয়ে দেবে থ্রিডি প্রিন্টার। জার্মানির ফ্রানহফার ইনস্টিটিউটের গবেষকেরা থ্রিডি প্রিন্টার ব্যবহার করে এই কৃত্রিম রক্তনালি তৈরি করতে সক্ষম হয়েছেন। তাঁরা কৃত্রিম রক্তনালি প্রিন্ট করতে মাল্টিফোটন পলিমারাইজেশন নামের একটি পদ্ধতি ব্যবহার করেছেন। খুদে এই নালির মাধ্যমে শরীরে রক্ত ও পুষ্টি পরিবাহিত হবে। কৃত্রিম এই রক্তনালি আগামী মাসে (অক্টোবর) জার্মানিতে অনুষ্ঠেয় একটি প্রদর্শনীতে দেখানো হবে। বর্তমানে সারা বিশ্বে হাজার হাজার মানুষ কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন। শুধু জার্মানিতে এ ধরনের লোকের সংখ্যা ১১ হাজারের বেশি। এ কৃত্রিম রক্তনালি তাঁদের খুব কাজে আসবে।কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আরও বেশি সাফল্য পেতে সারা বিশ্বে গবেষকেরা বিভিন্ন উপায়ে কৃত্রিম অঙ্গ এবং টিস্যু তৈরিতে গবেষণা করছেন। থ্রিডি প্রিন্টিং-প্রযুক্তি ব্যবহার করে তাঁরা এখন এসব তৈরি করতে পারবেন। বর্তমানে পোশাকশিল্প থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে থ্রিডি প্রিন্টিং-প্রযুক্তি ব্যবহার হচ্ছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান