ত্রিমাত্রিক প্রিন্টারে ‘ছাপা’ হবে কিডনি!
কিডনি রোগীদের জন্য এটি একটি সুখবরই বটে! বিশেষ ধরনের ত্রিমাত্রিক বা থ্রিডি ডেস্কটপ প্রিন্টার থেকেই ভবিষ্যতে মিলতে যাচ্ছে বহুমূল্য কিডনি! যা কিডনি প্রতিস্থাপনে ব্যবহূত হবে। এক খবরে বিবিসি জানিয়েছে, ভবিষ্যতে প্রয়োজনীয় কিডনি মিলবে এ প্রিন্টার থেকেই। যদিও এ সংক্রান্ত গবেষণা এখনো তার আঁতুড় ঘরেই রয়েছে; কিন্তু এ প্রসঙ্গে গবেষক, শল্যবিদ অ্যান্থনি অ্যাটালার বলেছেন, ‘গবেষণাগারে একটি ডেস্কটপ ইঙ্ক জেট প্রিন্টার ব্যবহার করছি আমরা, যাতে কালির পরিবর্তে ব্যবহূত হচ্ছে কোষ!’গবেষক অ্যাটালার এ গবেষণাটির একেবারেই শুরুর বিষয়টি দেখিয়েছেন। গবেষণার বিষয়টি সাফল্য পেলে যে ভবিষ্যতে অঙ্গ বা প্রত্যঙ্গ দাতার সংকটটি দূর হবে শুধু তাই নয়, পাশাপাশি এ ধরনের আবিষ্কার মানুষকে সংকট মোকাবিলায় স্বস্তিদায়ক এক পরিবেশও দেবে। একই ধরনের প্রযুক্তি ব্যবহূত হয়েছিল গবেষক ড. অ্যাটালারের একজন রোগী লুক মাসেল্লার ক্ষেত্রে। প্রযুক্তি ব্যবহার করে লুককে দেওয়া হয়েছিল তাঁর প্রয়োজনীয় একটি ব্লাডার।গবেষক অ্যাটালার এ ধরনের বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি প্রশ্ন করেছেন যে আমরা কি অঙ্গ প্রতিস্থাপনের বদলে এ ধরনের অঙ্গ তৈরি করতে পারি না? অ্যাটালারের ওয়েক ফরেস্ট ইনস্টিটিউট ফর রিজেনারেটিভ মেডিসিনের গবেষণাগারে ঠিক এই কাজটিই চলছে। অ্যাটালার এ গবেষণাগারটির পরিচালক। এখানে পুরোদমে অঙ্গ তৈরি সংক্রান্ত গবেষণার কাজ চলছে। তাঁর গবেষকেরা ইতিমধ্যেই গবেষণাগারে তৈরি ব্লাডার মানব শরীরে স্থাপন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তাঁরা কাজ করছেন ত্রিমাত্রিক প্রিন্টারে চাহিদা মতো মানব কোষ ও অঙ্গপ্রত্যঙ্গ তৈরির। উল্লেখ্য, ২০০৭ সালে অ্যাটালার ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল দেখিয়েছিলেন, কীভাবে গর্ভবতী মহিলার অ্যামনিওটিক ফ্লুইড থেকে স্টেমসেল সংগ্রহ করা যায়। তাঁদের এ সাফল্য যে নিকট ভবিষ্যতে এই কোষ ও অঙ্গ তৈরির প্রকৌশলে বিপ্লব ঘটাতে যাচ্ছে, এ কথা বলাই বাহুল্য।