ত্রি'চক্কর'যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তিনি আমার দূরসম্পর্কের চাচা। যখন থেকে তাঁকে চিনি, তখন থেকেই তিনি বোকা। যখন তাঁকে চিনতাম না, তখন তিনি চালাক ছিলেন, এমনটা ভাবলে ভুল হবে। যাহোক, পরশু তাঁর সঙ্গে রাস্তায় দেখা। জিজ্ঞেস করলাম, ‘চাচা, ভালো আছেন?’ চাচা বললেন, ‘ভালো ক্যামনে থাকি! দেশে যেই অনাচার চলতেছে, এই অবস্থায় ভালো থাকা যায় নাকি!’ চাচাকে কখনো এতটা খেপে যেতে দেখিনি, তাই সাগ্রহে প্রশ্ন করলাম, ‘কী হয়েছে, বলেন তো!’ চাচা ব্যাজার মুখে ব্যাখ্যা দিতে শুরু করলেন, ‘সরকার কইছে না তিন চাকাওয়ালা যানবাহন মহাসড়ক থেইকা তুইলা দিব?’ বললাম, ‘সরকার শুধু বলেইনি, অলরেডি তুলেও দিয়েছে।’
চাচা আরও খেপে গেলেন, ‘হেই মিয়া, সরকারের পক্ষ নিয়া কথা কইয়ো না। কিছু কিছু তুলছে, কিন্তু এখনো কিছু রইয়া গেছে। যারা দুর্বল, তাগোরগুলা তুলছে। কিন্তু যারা শক্ত তাগোর লগে সরকার পারতাছে না। এই জন্য তাগোরগুলো এখনো রাস্তায় থাইকা গেছে। বিশ্বাস না হইলে আসো, তোমারে দেখাই।’
আমি চাচার সঙ্গে গেলাম। চাচা একটা গাড়ির দিকে আঙুল তাক করে বললেন, ‘এই দেখো।’
আমি বললাম, ‘এটা তো প্রাইভেট কার! প্রাইভেট কারের ব্যাপারে তো নিষেধাজ্ঞা নেই। প্রাইভেট কার রাস্তায় থাকতেই পারে।’
চাচা দশগুণ খেপে গিয়ে বললেন, ‘পণ্ডিতি কইরো না, মিয়া। সরকার কী কইছে? কইছে রাস্তায় তিন চাকাওয়ালা বাহন থাকতে পারব না। ভালো কইরা চাইয়া দেখো, এই প্রাইভেটকারটা তিন চাকাওয়ালা।’ ভালো করে তাকাতে গিয়ে ভালো করে হেসে নিলাম। আসলে প্রাইভেট কারটার একটা চাকা খুলে তখন পাশের গ্যারেজে মেরামত করা হচ্ছিল!
বোকা চাচার পর এবার অতি চালাক এক রিকশাওয়ালার কথা বলা যাক। এটা আমার দেখা কোনো ঘটনা নয়, এক বন্ধুর কাছে শুনেছি (তার সব কথা যে বিশ্বাস করি, এমনটাও নয়)। ওই রিকশাওয়ালা মহাসড়ক দিয়ে বেশ নির্ভয়ে রিকশা চালিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে ইশারা করল থামার জন্য। সে দেখেও না দেখার ভান করে প্যাডেল চালিয়ে চলে যাচ্ছিল। পুলিশ দৌড়ে গিয়ে তাকে থামিয়ে বলল, ‘থ্রি-হুইলার ব্যান হইছে, জানস না? জানস না ভালো কথা, আমি তোরে থামতে কইতাছি, থামস না ক্যান? একটা চটকানা...।’
রিকশাওয়ালা বলল, ‘স্যার, আমার রিকশা তো তিন চাকাওয়ালা না। আমার রিকশায় চাকা চাইরটা। বিশ্বাস না হইলে পিছনে তাকায়া দেখেন।’ অতঃপর পুলিশ রিকশার পেছন দিকটায় তাকিয়ে দেখল গাড়ির পেছনে যেমন অতিরিক্ত একটা চাকা ঝোলানো থাকে, রিকশার পেছনেও একটা অতিরিক্ত চাকা ঝোলানো আছে!
রিকশা তো গেল, এবার অটোরিকশাচালকের কথা শুনুন। সেদিন পাড়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছি। এক অটোরিকশাচালক চা খেতে খেতে বলল, ‘সরকারে তিন চাকাওয়ালা গাড়ি তো তুইলা দিল, অসময়ে তুলল আরকি। আর দুইটা বছর আগে তুললে কী এমুন লস হইত!’
আমি অটোরিকশাচালকের লাভ-লসের বিষয়টা নিয়ে খানিকক্ষণ ভাবলাম। কিন্তু কোনো কারণ উদ্ঘাটন করতে না পেরে তাকে অনুরোধ করলাম বিষয়টা খুলে বলার জন্য। চালক খুলে বলল, ‘দুই বছর আগে যখন বিয়া করি, তখন শ্বশুর আমারে একটা সিএনজি কিইনা দিছিল। হিসাব কইরা দেখেন, তখন যদি সিএনজি নিষিদ্ধ হইত, শ্বশুর আমারে চাইর চাক্কাওয়ালা মাইক্রো না কিইনা দিয়া পারত?’ আমি কী বলি, কথা তো সত্যিই!
বাঙালি নাকি উপদেশ দিতে ভালোবাসে। তাই এবার বাঙালিয়ানা দেখানো যাক। মহাসড়কে ত্রিচক্রযান বন্ধের উদ্যোগ ইতিবাচক না নেতিবাচক, তা সময়ই বলে দেবে। তবে মহাসড়ক ফাঁকা পেয়ে ট্রাক ও দূরপাল্লার বাসচালকদের প্রতি উপদেশ, থ্রি-হুইলারমুক্ত ফাঁকা রাস্তা পেয়ে ড্রাইভিং করার সময় নিজেদের উড়োজাহাজের পাইলট ভাববেন না! যাত্রীরা এত কম পয়সায় উড়োজাহাজ-ভ্রমণের সুখ সইতে পারে না!