থাকছে এইচপির পিসি উৎপাদন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট-প্যাকার্ডের (এইচপি) পার্সোনাল কম্পিউটার (পিসি) উৎপাদন বিভাগ থাকছে। গত আগস্টে এইচপির কম্পিউটার উৎপাদন বিভাগকে (পারসোনাল সিস্টেম গ্রুপ—পিএসজি) বন্ধ বা মূল প্রতিষ্ঠান থেকে আলাদা করে দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না। অর্থাৎ এইচপির পিএসজি পণ্যের বাজারজাত অব্যাহত থাকবে। এইচপির মূল কার্যালয়ের সূত্র দিয়ে সম্প্রতি বাংলাদেশে এইচপির পিএসজি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এইচপির প্রধান নির্বাহী মেগ হুইটম্যন জানান, ‘আমরা এইচপির অর্থনৈতিক রণকৌশল এবং কার্যগত দিকগুলো বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করেছি। এটা এখন আমাদের কাছে পরিষ্কার, পিএসজিকে এইচপির সঙ্গে যুক্ত রাখা এখন ক্রেতা, ব্যবসায়িক অংশীদার এবং কর্মকর্তাদের অধিকারে পরিণত হয়েছে। এখন পিএসজি বিভাগকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।’এইচপির পিএসজির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টড ব্র্যাডলি বলেন, ‘এইচপির অংশ হিসেবেই আমরা ক্রেতাদের নতুন সব প্রযুক্তি উপহার দিতে পারব।’ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচপির পিএসজির ব্যবসায়িক ইতিহাস বেশ উজ্জ্বল। ২০১০ অর্থবছরে এটি ৪০৭ কোটি ডলারের বেশি মুনাফা করে। এইচপি থেকে পিএসজিকে আলাদা করে ফেললে এর ব্র্যান্ড ভ্যালুতে যেমন নেতিবাচক প্রভাব পড়বে, তেমনি এইচপির মুনাফাও নেতিবাচক ধারার দিকে যাবে। এইচপির আগের প্রধান নির্বাহী কর্মকর্তা লিও অ্যাপটেকার মূলত কম্পিউটার বিভাগ বন্ধের ঘোষণা দেন। অ্যাপটেকারের এই ঘোষণা এইচপি পরিচালনা পরিষদের পছন্দ হয়নি। ধারণা করা হয়, এ সিদ্ধান্তের কারণেই অ্যাপটেকারকে বছর শেষ হওয়ার আগেই এইচপি ছেড়ে দিতে হয়।