নিরাপত্তা আর নতুনত্বের ফলে একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। প্রধানমন্ত্রী থেকে তারকা প্রায় সবার হাতেই শোভা পেত ব্ল্যাকবেরি ফোন। কিন্তু স্মার্টফোন প্রযুক্তির দ্রুত ক্রমবিকাশে জনপ্রিয়তা হারিয়ে ফেলে এই ফোন। চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল ব্ল্যাকবেরির হাল ধরার পর প্রতিষ্ঠানটি আবার প্রাণ ফিরে পেতে শুরু করেছে। টিসিএল সম্প্রতি ঘোষণা দিয়েছে, অক্টোবরে বাজারে আনা হবে ব্ল্যাকবেরির নতুন ফোন।
স্মার্টফোন প্রযুক্তিতে ব্ল্যাকবেরির জনপ্রিয়তা আবার গড়ে তোলার লক্ষ্যেই গত ফেব্রুয়ারিতে ব্ল্যাকবেরি কিওয়ান নামের অ্যান্ড্রয়েড চালিত কোয়ার্টি কি-বোর্ড যুক্ত একটি স্মার্টফোন বাজারে ছাড়ে টিসিএল। ব্যবহারকারীদের ব্যাপক সাড়াও পায় স্মার্টফোনটি। এ ছাড়া ২০১৭ সালেই বেশ কয়েকটি ব্ল্যাকবেরি ফোন বাজারে আশার প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোনে খানিকটা চমক রাখার কথা বলছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে নতুন ফোনটির পর্দা আঙুলের স্পর্শেই সম্পূর্ণভাবে ব্যবহার করে যাবে। ফলে ব্ল্যাকবেরির চিরচেনা সেই কোয়ার্টি কি-বোর্ড না-ও থাকতে পারে আগত ফোনটিতে।
নতুন এই ফোন নিয়ে তেমন কিছু জানায়নি টিসিএল। তবে ব্ল্যাকবেরির নতুন ফোন বাজারে জনপ্রিয়তা পাবে কি না, তা নিয়ে ভাবছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ব্ল্যাকবেরি আগামী অক্টোবরে বাজারে আসলে স্যামসাং গ্যালাক্সি নোট ৮ এবং আইফোন ৮, ৮ প্লাস ও ১০–এর মতো শীর্ষ স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
সূত্র: সিনেট