থালা মিছিল
প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। প্রিয় দলের যেদিন খেলা হয়, সেদিন সব কাজই বন্ধ থাকে। খেলা শুরুর আগে মনের মধ্যে ছটফট করে। আর নানান চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। মেসি কি হ্যাটট্টিক করবে? আর্জেন্টিনা কত গোলে জিতবে?
তবে একটা বিষয় মানতে একেবারেই নারাজ, তা হলো প্রিয় দলের পরাজয়। আমরা সবাই মেসে থেকে খেলা দেখি। অনেক বড় মেস। বিভিন্ন দলের সমর্থকও থাকে। আর্জেন্টিনা আর বসনিয়ার খেলা। গোল হয় না হয় না...অবশেষে হলো। আমরা জিতলামও। আনন্দ আর দেখে কে! হুটহাট করে বের হলাম। আমরা খাবার শেষে থালাবাসন যার যার রুমের সামনে রাখি। সেখান থেকে একটা থালা নিয়েই দৌড়। সে কী মিছিল! রকস্টারের মতো চেঁচিয়ে গলা ফাটাচ্ছিলাম। ‘মেসি মেসি’ স্লোগান আর থামছিলই না। মেলামাইনের থালায় তবলা বাজাতে বাজাতে নাচছিলাম। একসময় থালাটা ভেঙেই গেল। তাতেও আনন্দ কমেনি এক বিন্দু।
রাতে বেশ শান্তির ঘুম হলো। সকালে খালা খাবার দেয়। দেখি, সবার খাবার আছে, কিন্তু আমারটা নেই। সে কী, গেল কোথায়? খালাকে জিজ্ঞাসা করলাম, সে বলল আমার থালাটা খুঁজে পাচ্ছে না। এতক্ষণে মনে পড়ল, রাতে অতি আনন্দে যে থালাটা ভেঙেছি, ওটা আমারই ছিল!
ফরিদুল ইসলাম
মিরপুর, ঢাকা