থ্রিজি প্রযুক্তি থেকে ভারত আয় করবে ১০০০ কোটি ডলার
ভারত গত বুধবার বলেছে, তারা মুঠোফোন ও উচ্চগতির (ব্রডব্যান্ড) নেটওয়ার্ক সেবার জন্য তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স নিলামে বিক্রি করে এক হাজার কোটি ডলারেরও বেশি আয় করবে বলে আশা করছে। ভারত সরকার অবশ্য এর আগে থ্রিজি এয়ারওয়েভস ও তারহীন ব্রডব্যান্ড নেটওয়ার্কের লাইসেন্স বিক্রি থেকে ৮০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। নিলাম থেকে পাওয়া অর্থ নয়াদিল্লির একটি গুরুত্বপূর্ণ রাজস্ব আয়ের উেস পরিণত হবে। ৯ এপ্রিল থেকে থ্রিজি প্রযুক্তির স্পেকট্রাম বরাদ্দের জন্য লাইসেন্স দেওয়ার নিলাম শুরু হয়েছে। ভারতের মুটোফোন সেবাদাতা ভারতী এয়ারটেল ও রিলায়েন্স কমিউনিকেশনস এই নিলামে অংশ নিয়েছে।ভারতে খুব কম মানুষই কম্পিউটারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটে প্রবেশ করতে পারে। কিন্তু দেশটির ৫০ কোটি মানুষ মুঠোফোন ব্যবহার করে এবং তারা তাদের ফোনসেটের দ্রুতগতির থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করতে পারে। এসব মুঠোফোনে ওয়েবসাইট দেখা ছাড়াও ভিডিও সম্মেলন এবং গান ও ডিভিডিও ফাইল নামানো যায়। ভারতের টেলিযোগাযোগমন্ত্রী ডি রাজা জানান, নিলামে থ্রিজি ও তারহীন নেটওয়ার্ক পরিচালনার লাইসেন্স বিক্রি করে ৯০০ কোটি থেকে এক হাজার কোটি ডলার আয় হতে পারে। তিনি বলেন, এটা আগে যা লক্ষ্যমাত্রা (৮০০ কোটি ডলার) নির্ধারণ করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান