থ্রিডি প্রিন্টারে ব্যবহার করা যাবে চাঁদের পাথর
যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, থ্রিডি প্রিন্টারে চাঁদের পাথর ব্যবহার করে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও উপকরণ তৈরি করা সম্ভব হবে। আর তা সম্ভব হলে ভবিষ্যতে চাঁদে বসতি স্থাপন করা সহজ হবে। সম্প্রতি একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গবেষকেরা থ্রিডি প্রিন্টারে চাঁদের পাথর ব্যবহার করে ছোটো-খাটো যন্ত্রাংশ তৈরি করতে পেরেছেন।যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা ২০১০ সাল থেকে চাঁদের পাথর থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির চেষ্টা করছিলেন। ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের কাছে থ্রিডি প্রিন্টারে ব্যবহার উপযোগী চাঁদের পাথর ও ধূলিকণা সরবরাহ করেছিলেন নাসার গবেষকেরা। কাঁচামাল হিসেবে চাঁদের পাথর ও ধূলিকণা ব্যবহার করে বিভিন্ন যন্ত্রের আকার দিতে পেরেছেন গবেষকেরা। নভোচারীরা ভবিষ্যতে চাঁদের মাটিতে থ্রিডি প্রিন্টার ব্যবহার করে প্রয়োজনীয় যন্ত্র তৈরি করে নিতে পারবেন বলেই আশাবাদী গবেষকেরা।প্রসঙ্গত, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ত্রিমাত্রিক বস্তু প্রিন্ট করার বিশেষ ধরনের মুদ্রণযন্ত্রকে থ্রিডি প্রিন্টার বলে।