থ্রিডি প্রিন্টিংয়ের যত সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক বছর আগে এই প্রযুক্তি এসেছে। মূলত গবেষণার কাজেই এটি বেশি ব্যবহৃত হয়।
অনেক সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করে ‘থ্রিডি প্রিন্টিং’ প্রযুক্তি। তবে জটিল নকশার কিছু যন্ত্রপাতি তৈরির মধ্যেই এটি সীমাবদ্ধ ছিল বহুদিন। আর এসব তৈরিতে বেশির ভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় প্লাস্টিক। তবে ক্ষেত্রবিশেষে সীমিত আকারে ব্যবহার করা হয় কিছু ধাতব পদার্থ। পরে থ্রিডি প্রিন্টারের সীমাবদ্ধতা কাটিয়ে বিভিন্ন সূক্ষ্ম বস্তু তৈরির উদ্যোগ নেন প্রযুক্তিবিদেরা। ফলে এই প্রযুক্তিতে জৈব উপাদান বা কোষ থেকে শুরু করে অর্ধপরিবাহী বস্তু পর্যন্ত তৈরি করা সম্ভব হয়েছে। সূক্ষ্ম থ্রিডি প্রিন্টিংয়ের অগ্রগতি থেকে আশা করা যায়, মানুষের অঙ্গপ্রত্যঙ্গ এবং অতিসূক্ষ্ম ও উন্নত বৈদ্যুতিক যন্ত্রপাতিও এই প্রিন্টারে তৈরি করা যাবে।
সূক্ষ্ম থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জেনিফার লুইস, প্রিন্সটন ইউনিভার্সিটির মাইকেল ম্যাকআলপাইন এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক কিথ মার্টিন। তাঁরা সূক্ষ্ম থ্রিডি প্রিন্টার দিয়ে কৃত্রিম চোখ তৈরি করেছেন। এই চোখের কিছু অংশের গঠন জৈবিক, আর বাকিটা যান্ত্রিক। আর কেমব্রিজের গবেষকেরা রেটিনার কোষ দিয়ে তৈরি করেছেন চোখের জটিল কোষসমষ্টি।
জেনিফার লুইসের নেতৃত্বে গবেষকেরা সম্প্রতি রক্তসহ জৈবিক কিছু জটিল কোষসমষ্টি তৈরি করেছেন। এর আগে তাঁরা খেলোয়াড়দের ব্যবহারের জন্য অতিসূক্ষ্ম বৈদ্যুতিক শনাক্তকরণযন্ত্র তৈরি করেন। আর গত বছর আণুবীক্ষণিক বৈদ্যুতিক যন্ত্র ও লিথিয়াম-আয়নভিত্তিক ব্যাটারির যন্ত্রাংশ তৈরি করেন। অতিসূক্ষ্ম জৈবিক বস্তু তৈরিতে থ্রিডি প্রিন্টারে কালি হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের জৈবিক কোষ। আর যান্ত্রিক বস্তুগুলো তৈরিতে প্রিন্টারের কালি হিসেবে ব্যবহার করা হয়েছে ধাতুসহ বিভিন্ন ধরনের পদার্থ। এখানে তৈরি বস্তুগুলোতে যান্ত্রিক অনুপাত, বিদ্যুৎ পরিবাহিতাসহ দৃশ্যমান কিছু বৈশিষ্ট্য রয়েছে। জেনিফার বলেন, সূক্ষ্ম থ্রিডি প্রিন্টিংই হবে ভবিষ্যতের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সবচেয়ে সমৃদ্ধ রূপ।
সূক্ষ্ম জৈবিক এবং যান্ত্রিক বস্তু তৈরিতে সাফল্য ও অগ্রগতি থেকে গবেষকেরা আশা করেন, পরীক্ষার বা পরিবর্তনের জন্য মানুষের কৃত্রিম অঙ্গ একদিন থ্রিডি প্রিন্টারেই তৈরি সম্ভব হবে।
সূত্র: এমআইটি টেকনোলজি রিভিউ।
থ্রিডি প্রিন্টিং কী
ছবি তুলে সেটি একটি কাগজের দ্বিমাত্রিক আকারে সাধারণ প্রিন্টারে প্রিন্ট করা যায়। কিন্তু ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারে সেই ছবির বাস্তব রূপ পাওয়া যাবে। অর্থাৎ কোনো বাড়ির ছবি তুলে প্রিন্ট দিলে অপর পাশ থেকে বাড়িটির প্রতিরূপ বের হয়ে আসবে