দ. কোরিয়ার মন্ত্রণালয়ে হ্যাকারদের হানা
হ্যাকাররা এবার দক্ষিণ কোরিয়ার একত্রকরণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হামলা চালানোর চেষ্টা করেছে। বিভিন্ন দেশের সরকারের ও বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকাররা কয়েক দিন ধরে হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সিউলে একত্রকরণ মন্ত্রণালয়ে এই হামলা চালানোর চেষ্টা করা হয়। হ্যাকাররা চীনা আইপি ঠিকানা ব্যবহার করে একজন আইনপ্রণেতার সহযোগীর ই-মেইল অ্যাকাউন্টে ক্ষতিকর সফটওয়্যার সংযোজন করে। একত্রকরণ মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তাকেন্দ্রের একজন কর্মকর্তা কিম ইয়ং পিল বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা হামলার ব্যাপারে তাঁদের সতর্ক করে দিয়েছিল। তাই সাইবার নিরাপত্তাকেন্দ্র আইনপ্রণেতার ওই সহযোগীকে তাঁর ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশের পাসওয়ার্ড পরিবর্তন করতে অথবা ই-মেইল অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে অনুরোধ করে। ফলে, মন্ত্রণালয়ের ওয়বসাইটের কোনো ক্ষতি হয়নি। কিম ইয়ং পিল জানান, একত্রকরণ মন্ত্রণালয়ের কম্পিউটার-ব্যবস্থায় এর আগেও হ্যাকাররা হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু কোনোবারই সফল হয়নি তারা। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মাসে জানায়, উত্তর কোরিয়ার পক্ষ থেকে সাইবার হামলা প্রতিরোধে তারা জোর পদক্ষেপ নিচ্ছে। এ জন্য তারা সাইবার ওয়ারফেয়ার ইউনিটকে সম্প্রসারণ করবে। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় হ্যাকারদের বেশ কয়েকটি সুসংগঠিত ইউনিট রয়েছে। ২০০৯ সালের জুলাই মাসে এবং চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার সরকারি সংস্থা ও বড় বড় আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার জন্য পিয়ংইয়ংকে দায়ী করে আসছে। পিয়ংইয়ং অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান