দক্ষ জনবল তৈরিতে যৌথ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দেশের দক্ষ মানবসম্পদ সে দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।সেই দক্ষ মানবশক্তি তৈরির উদ্যোগ নিতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার ঢাকায় ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আইস টেকনোলজির সহায়তায় অনুষ্ঠিত ‘এম্প্লয়াবিলিটি ইন্ডেক্সিং: লিডিং টু বেটার জবস’ শিরোনামের এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।সেমিনারে বাংলাদেশে উন্নত প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিসেবা খাতে প্রতিষ্ঠিত হতে সহায়তা, প্রশিক্ষণপ্রাপ্ত মানবসম্পদের চাহিদা ও ঘাটতি নিয়ে আলোচনা করা হয়।সেমিনারে প্রধান অতিথি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) চেয়ারম্যান গণেশ নটরাজন বলেন, যে দেশ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করতে পারবে, সে দেশ তত এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলো তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ মানবশক্তি তৈরি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। এ জন্য আইস টেকনোলজিস, গ্লোবাল ট্যালেন্ট ট্র্যাক (জিটিটি) কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) এবং ভারতীয় কর্মসংস্থান সংগঠনগুলো সহায়তা করবে।অনুষ্ঠানে আইস টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত জামিল বলেন, আইস টেকনোলজিস প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মানবসম্পদ তৈরিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আইস ও জিটিটি যৌথভাবে দেশের শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাজারে দক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। অনুষ্ঠানে জিটিটির সঙ্গে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি হয়। চুক্তির আওতায় জিটিটি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ‘স্কিলড সেন্টার অব এক্সেলেন্স’ স্থাপন করবে। সেমিনারে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ও টেলিযোগাযোগ অনুষদের ডিন নুরুন্নবী, কলা অনুষদের ডিন নুরুল ইসলাম, জেনসার টেকনোলজিস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট প্রমিলা নাগামালতি কালিভ, গ্লোবাল ট্যালেন্ট ট্রাক প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক শুভপ্রিয় মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। —তারিকুর রহমান খান