দক্ষ জনশক্তি তৈরিতে সিটিও ফোরাম উদ্যোগ নেবে
তথ্যপ্রযুক্তিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং এ খাতে অভিজ্ঞ জনশক্তি তৈরি করার উদ্দেশ্যে সিটিও ফোরাম বাংলাদেশ বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার ঢাকায় প্রধান কারিগরি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুল বারীসহ আরও অনেকে।
তপন কান্তি সরকার বলেন, ‘আমরা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে সহযোগিতা করতে চাই।’
সম্মেলনের শুরুতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনায় আইসিটি সাংবাদিকদের আরও দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে সেমিনার আয়োজনের কথা বলা হয়ে।
সম্মেলনে জানানো হয়, চলতি মাসে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি নিঢে একটি সেমিনারের আয়োজন করবে সিটিও ফোরাম। সংগঠনটি সিটিও ম্যাগাজিন নামে একটি ত্রৈমাসিক পত্রিকাও প্রকাশ করছে। —নিজস্ব প্রতিবেদক