দক্ষতা বাড়াতে সাত বিভাগে চলবে বেসিসের প্রশিক্ষণ
সারা দেশে আগামী তিন বছরে ২৩ হাজার দক্ষ জনশক্তি তৈরি ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকারের এই প্রকল্পে সহায়তা করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল বৃহস্পতিবার বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসিসের সভাপতি শামীম আহসান। তিনি বলেন, ‘আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে ওয়ান বাংলাদেশ ঘোষণা করেছিলাম। এই রূপকল্পের চারটি খুঁটির মধ্যে ১০ লাখ দক্ষ জনশক্তি তৈরির বিষয়টি প্রাধান্য পেয়েছে। আর এরই অংশ হিসেবে আমরা তিন বছরে ২৩ হাজার দক্ষ জনশক্তির কার্যক্রম হাতে নিয়েছি।’
অর্থ বিভাগের যুগ্ম সচিব আবদুর রউফ তালুকদার বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পে প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। তবে প্রাথমিক কাজে সফল হলে পরবর্তী সময়ে আরও বড়ভাবে আট হাজার কোটি টাকার তহবিল পাওয়া যাবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সাতটি বিভাগীয় শহরে ল্যাব প্রতিষ্ঠা করে প্রশিক্ষণ দেওয়া হবে। এ বছর ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এবং পরবর্তী সময়ে পাঁচটি বিভাগীয় শহরে প্রশিক্ষণ শুরু হবে। প্রথম বছর পাঁচ হাজার, পরবর্তী দুই বছরে নয় হাজার ব্যক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতি মাসে ৩ হাজার ১৫০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি প্রশিক্ষণার্থীর জন্য ৩৫ হাজার টাকা ব্যয় ধরা হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। এখানে ব্যবস্থাপনা, ওয়েব ডিজাইন, ক্লাউড ইংরেজি, ব্যবসায় যোগাযোগসহ ১২টি কোর্স করানো হবে। প্রশিক্ষণের মেয়াদ তিন মাস। এই প্রকল্পের আওতায় একজন প্রশিক্ষণার্থী কেবল একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
আবেদনের পদ্ধতি বেসিস (www.basis.org.bd) ও বিআইটিএম (www.bitm.org.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের তিনটি ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে।