দক্ষতায় দায়িত্বে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেইখা লুবনা আল কাশিমি
শেইখা লুবনা আল কাশিমি

শেইখা লুবনা আল কাশিমি। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী পরিষদের প্রথম নারী সদস্য। বর্তমানে বৈদেশিক বাণিজ্য বিভাগে কাজ করলেও এর আগে তিনি যুক্ত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে।

সরকারের শীর্ষ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতার শুরুটা হয় ২০০৪ সালে। তার পর থেকেই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। লুবনা খালিদ আল কাশিমির পুরো নাম শেইখা লুবনা বিনতে খালিদ বিন সুলতান আল কাশিমি। ১৯৬২ সালে দুবাইয়ে জন্ম লুবনা খালিদের। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহ থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া লুবনা আলকাশিমিকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি বিশেষ সম্মানসূচক ‘ডক্টরেট অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হয়।

সরকারের শীর্ষ পর্যায়ে কাজ করার আগে দুবাই বন্দর কর্তৃপক্ষের (ডিপিএ) ইনফরমেশন সিস্টেম বিভাগে প্রায় সাত বছর জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন লুবনা খালিদ। বন্দরটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বন্দর, যেখানে প্রতিদিনই যা কাজ হয় তার সবকিছুই ডিপিএর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ ক্ষেত্রে পুরো কার্যক্রম পরিচালনা করে থাকে ডিপিএর ইনফরমেশন সিস্টেম বিভাগ। সেখানেও দীর্ঘদিন চাকরি করার সময় দক্ষতার পরিচয় দেন লুবনা। নিজের কাজের বাইরে তিনি দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দুবাই ইউনিভার্সিটি কলেজ, যুক্তরাষ্ট্রের থান্ডারবার্ড স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্ট, জায়েদ ইউনিভার্সিটি ও দুবাই অটিজম সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করছেন। কাজের স্বীকৃতির তালিকায় যুক্ত হয়েছে একাধিক পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য আইটিপি বেস্ট পারসোনাল অ্যাচিভমেন্ট পুরস্কার, ডেটামেটিক্স আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, ওয়ার্ল্ড সামিট পুরস্কার ইত্যাদি।

নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ফোর্বস, উইকিপিডিয়া