দক্ষিণ এশিয়ায় মানুষের আগমন ৫৫ হাজার বছর আগে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সুমাত্রায় অবস্থিত মাউন্ট টোবার সুবিশাল আগ্নেয়গিরিতে প্রায় ৭৫ হাজার বছর আগে প্রচণ্ড বিস্ফোরণের আগে ভারতীয় উপমহাদেশে কোনো মানুষের প্রবেশ ঘটেনি। প্রত্নতাত্ত্বিক ও জিনগত তথ্য-উপাত্তের সমন্বিত বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত নতুন এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এমনটি দাবি করছেন। 

প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়, আদি মানুষ আফ্রিকা ছেড়ে দক্ষিণ এশিয়ায় এসেছিল ৫৫ থেকে ৬০ হাজার বছর আগে এবং মাউন্ট টোবায় প্রচণ্ড শক্তিশালী অগ্ন্যু ৎ পাতের বহু পরে। তবে এ গবেষণার তথ্য মেনে নিতে নারাজ বহু প্রত্নতত্ত্ববিদ। তাঁরা মনে করেন, আধুনিক মানুষ আরও দ্বিগুণ সময় আগেই ভারতীয় উপমহাদেশে বসবাস শুরু করে।

সংশ্লিষ্ট গবেষক ও যুক্তরাজ্যের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক মার্টিন রিচার্ডস বলেন, মাউন্ট টোবার সেই অগ্ন্যু ৎ পাতের ছাই সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। ছাইয়ে ঢেকে গিয়েছিল গোটা উপমহাদেশ। আধুনিক মানুষ তখনো সেখানে পৌঁছায়নি। তারা গিয়েছিল আরও অনেক পরে।

অধিকাংশ প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন, ৫০ থেকে ৬০ হাজার বছর আগে ভারতে মানুষের আগমন ঘটেছিল। তবে ২০০৭ সালে এক গবেষণায় দাবি করা হয়, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাওয়ালাপুরম এলাকা থেকে তোলা পাথর বিশ্লেষণে মাউন্ট টোবার সেই বিস্ফোরণের ছাইয়ের স্তর পাওয়া গেছে। ওই উদিগরণের লাভার পরিমাণ এত বিপুল ছিল যে তা দিয়ে দুটি মাউন্ট এভারেস্ট তৈরি ও বছরের পর বছর ধরে সূর্যালোক আড়াল করা যায়।

মানুষ ওই বিস্ফোরণের আগেই ভারতে এসেছিল এমন ধারণার সত্যতা যাচাইয়ের জন্য রিচার্ডস ও তাঁর সহযোগীরা উপমহাদেশের মানুষের মাইটোকন্ড্রিয়াল ডিএনএর ৮১৭টি নমুনা বিশ্লেষণ করেন। এ ডিএনএতে কেবল মাতৃধারার ডিম্বাণুর সাইটোপ্লাজম রয়েছে। তারপর সেই ডিএনএর তুলনা করেন পূর্ব এশিয়া, নিকট প্রাচ্য ও সাব সাহারান আফ্রিকা অঞ্চলের মানুষের ডিএনএর সঙ্গে। জিনগত বিশ্লেষণে প্রমাণ পাওয়া যায়, ভারতের পশ্চিম উপকূলে প্রথম মানুষের আগমন ঘটেছিল ৫৫ থেকে ৬০ হাজার বছর আগে। ভারতে বসতি স্থাপনের পর সেই মানুষেরা অভ্যন্তরীণ নদীপথে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ পল মেলারস একই বিষয় নিয়ে পৃথক একটি গবেষণা চালান এবং প্রায় একই রকমের সিদ্ধান্তে পৌঁছান। সংশ্লিষ্ট অপর গবেষক ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা-জিন বিশেষজ্ঞ জিম উইলসন বলেন, তাঁদের এ গবেষণা মানব ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। আদি মানুষ আফ্রিকা থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলেশিয়া হয়ে আমেরিকায় পৌঁছানোর পথ হিসেবে দক্ষিণ এশিয়াকে ব্যবহার করেছিল। লাইভসায়েন্স।