দক্ষিণ এশিয়ায় সাশ্রয়ী স্মার্টফোন আনছে শাওমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাওমির হোংমি
শাওমির হোংমি

কম দামে দক্ষিণ এশিয়ার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান শাওমি। মাত্র ৫০ মার্কিন ডলার বা প্রায় চার হাজার টাকার মধ্যে উন্নত স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।

চীনের বাজারে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি প্রযুক্তিপণ্যের চাহিদা বেশি। তবে শাওমি স্মার্টফোন বিক্রির দিক থেকে অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। চলতি বছর চার কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করতে চায় শাওমি কর্তৃপক্ষ। অবশ্য, কম দামের স্মার্টফোন তৈরি করে এর মধ্যেই চীনের বাজারে অন্যতম স্মার্টফোন নির্মাতার পরিচিতি জুটেছে শাওমির। শাওমির দাবি, ২০১২ সালে ৭০ লাখ, ২০১৩ সালে এক কোটি ৯০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে তারা।

শাওমির তৈরি স্মার্টফোনের নতুন বাজার তৈরির পরিকল্পনাও করেছে শাওমি কর্তৃপক্ষ। শাওমির সহ-প্রতিষ্ঠাতা লেই জুন জানিয়েছেন, তাঁরা এ বছর সাশ্রয়ী দামের আরও বেশি স্মার্টফোন বিক্রি করতে চান।

সম্প্রতি গুগলের নির্বাহী কর্মকর্তার একটি পদ ছেড়ে শাওমির বিপণন বিভাগে যোগ দিয়েছেন হুগো বাররা। তিনি জানিয়েছেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে শাওমি বাজার সম্প্রসারণের পরিকল্পনা করেছে।

শাওমি কর্তৃপক্ষের দাবি, বর্তমানে অ্যাপলের তৈরি ‘আইফোন সি’কে সাশ্রয়ী দামের স্মার্টফোন বলা হলেও এর দাম ৫৪৯ ডলার। এ ছাড়াও নকিয়া, মটোরোলা, এইচটিসির কমদামের স্মার্টফোন রয়েছে বলে দাবি করলেও কোনো স্মার্টফোনই ৫০ ডলারের কম দামে পাওয়া যায় না। বাজারে এই সাশ্রয়ী দামের স্মার্টফোনের চাহিদা রয়েছে। শাওমি এ চাহিদা পূরণ করতে কাজ করবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালের শেষ প্রান্তিকে ‘হোংমি’ নামের একটি স্মার্টফোন বাজারে এনেছিল শাওমি। তাদের দাবি ছিল, এই স্মার্টফোনটি অনলাইনে বিক্রি শুরু করার পর দেড় মিনিটে ১০ লাখ ইউনিট বিক্রি হয়েছিল। অ্যাপল-সদৃশ এই স্মার্টফোনটি সাশ্রয়ী দামে কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন চীনের ক্রেতারা।