দক্ষিণ এশীয় সাইবার গেমসে বাংলাদেশের সাফল্য
দক্ষিণ এশীয় সাইবার গেমস প্রতিযোগিতায় ডোটা গেমে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ এ শিরোপা যেতে। ‘দক্ষিণ এশীয় সাইবার গেমস চ্যাম্পিয়নশিপ’ নামের এ প্রতিযোগিতা গত শনিবার শেষ হওয়ার কথা থাকলেও গত রোববার ডোটা গেমটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ দলের ব্যবস্থাপক ইরফান হুসেন ই-মেইলে প্রথম আলোকে এ তথ্য জানান। ডোটা গেমে বাংলাদেশ যে গ্রুপে ছিল, সেটিতে শ্রীলঙ্কার একটি ও ভারতের দুটি দল ছিল। বাংলাদেশ তিনটি খেলাতেই জয়ী হয়। এরপর ভারতের সঙ্গে ফাইনালে ডোটা গেমে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটিতে জয়, দ্বিতীয়টিতে পরাজয় এবং শেষ ম্যাচে জয় দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশের বাইরে এই প্রথম সাইবার গেমসের একটি টুর্নামেন্টে বিজয়ী হলো বাংলাদেশ। তবে কাউন্টার স্ট্রাইক গেমে বাংলাদেশ কোনো সাফল্য পায়নি।—নিজস্ব প্রতিবেদক