দক্ষিণ এশীয় সাইবার গেমসের বাছাই পর্ব অনুষ্ঠিত
ঢাকার আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে দক্ষিণ এশীয় সাইবার গেমস প্রতিযোগিতার বাছাই পর্ব। গত শনিবার রাতে শেষহওয়া খেলোয়াড়েরা ফিফা ১০, কল অব ডিউটি, ডটা এবং কাউন্টার স্ট্রাইক গেম খেলছেন। ‘গেম ফেস্ট’ নামের এ প্রতিযোগিতার আয়োজন করেছে এফ ওয়ান আইটি। এতে বিজয়ীরা ভারতের গোয়ায় আগামী মাসে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় সাইবার গেমস প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেন। তিনি জানান, এ প্রতিযোগিতায় ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য দেশের প্রতিযোগীরা অংশ নেবেন এবং আমাদের এবারের খেলোয়াড়েরা আশা করি ভালো করবেন। বাছাই পর্বে প্রতিযোগিতায় ফিফা ১০ বিজয়ী হয়েছেন মো. নজরুল ইসলাম। কল অব ডিউটি ৪-এ বিজয়ীরা হচ্ছেন রাইহান আবেদিন, সুদীপ্ত দাস, রাহাত হাসান, নাজীব আহমেদ এবং রূপক কান্তি বিশ্বাস। কাউন্টার স্ট্রাইক গেমসের বিজয়ীরা হচ্ছেন মো. তানভীর, নূর-উন-নবী খান, মো. তাহনীম তারেক, মেহেদী হাসান তালুকদার ও মো. জুবায়ের। ডটা গেমসে বিজয়ী হয়েছেন মো. সাজ্জাদুর রহমান, ফয়সাল জসিম উদ্দিন, আশিকুর রহমান, মহিউদ্দিন সজল, সাদমান সাকিব রহমান ও সৈয়দ আমজাদ আলী। —নুরুন্নবী চৌধুরী