দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের আশঙ্কা

স্বাধীনতা পাওয়ার আড়াই বছরের মাথায় চরম সংকটে পড়ল মধ্য আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। প্রেসিডেন্ট সালভা কিরকে ‘ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ সামরিক অভ্যুত্থান’ দেশটিকে এ সংকটে ফেলেছে। এখন দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।
রাজধানী জুবায় গত ১৫ ডিসেম্বর রাতে ক্ষমতাসীন দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) বৈঠক চলছিল। ওই বৈঠকে সশস্ত্র সেনাসদস্যরা গুলি চালালে সংঘর্ষে সূত্রপাত হয়। এরপর প্রেসিডেন্ট কিরের সমর্থকদের একটি অংশের সঙ্গে বিদ্রোহী সেনাসদস্যদের সংঘর্ষ চলতে থাকে। এতে প্রথম দুই দিনেই সাধারণ মানুষসহ অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটে। গত দুই সপ্তাহে সব মিলিয়ে নিহতের সংখ্যা কয়েক হাজার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহী সেনারা গণহত্যার পাশাপাশি প্রতিপক্ষ জাতিগোষ্ঠির বাড়ি বাড়ি গিয়ে ধর্ষণ ও লুটপাট চালিয়েছেন। রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেছে।
প্রেসিডেন্ট কির অভিযোগ করেন, সরকারবিরোধী নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সমর্থিত সেনাবাহিনীর একটি অংশ তাঁকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান ঘটানোর ব্যর্থ চেষ্টা করে। তবে পলাতক বিরোধী নেতা মাচার প্রেসিডেন্টের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান চালাতে গিয়ে বাহিনীর ভেতর উত্তেজনা সৃষ্টি করেছেন। এখানে সামরিক অভ্যুত্থান চেষ্টার মতো কোনো ঘটনা ঘটেনি।’
প্রেসিডেন্ট কির এখনো সবাইকে ‘অভ্যুত্থান চেষ্টার’ বিষয়টি বিশ্বাসযোগ্য করতে পারেননি। দক্ষিণ সুদানবিষয়ক বিশ্লেষক ডগলাস এইচ জনসন বলেন, ‘বিভিন্নভাবে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তাতে বিষয়টি অভ্যুত্থান চেষ্টা বলে মনে হয় না।’
তবে মাচারের সমর্থক অন্তত ১০ জন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মাচার বর্তমানে আত্মগোপন করে আছেন। অনেকে মনে করেন, মাচার এই বিদ্রোহ আগে না চাইলেও এখন সমর্থন করেন।
বিশ্লেষক জনসন মনে করেন, দুটি কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। এর একটি হলো ক্ষমতাসীন দল এসপিএলএমের ভেতরেই দেশ শাসনে ‘রাষ্ট্রীয় অসন্তোষ’। অন্যটি হলো সেনাবাহিনীতে থাকা সাবেক মিলিশিয়াদের ‘অনিরাপদ’ বোধ করা। দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের আগে অখণ্ড সুদানের সেনাবাহিনীতে যারা কাজ করতেন, এখনো তাঁদের শত্রুই মনে করেন বর্তমান সেনাবাহিনীতে থাকা সাবেক মিলিশিয়ারা।
তবে কারণ যা হোক, দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় কি না সেই আশঙ্কা করছেন অনেকে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইতিমধ্যে সেই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ দেশটিতে তার শান্তিরক্ষীবাহিনীর সদস্য সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে। দক্ষিণ সুদানে জাতিগত বিরোধ প্রবল। বিবদমান প্রধান দুই জাতিগোষ্ঠী হলো নুয়ের ও দিনকা। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাচার জাতিগতভাবে নুয়ের সম্প্রদায়ের আর প্রেসিডেন্ট কির জাতিগতভাবে দিনকা সম্প্রদায়ের। এই দুজনের মধ্যে দ্বন্দ্বের কারণে এই দুটি সম্প্রদায়ের মধ্যেও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
সংঘর্ষে ইতিমধ্যে হাজার হাজার মানুষ রাজধানী জুবায় জাতিসংঘের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। কেউ কেউ পালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশগুলোতে। সরকারি চাকরিজীবী আয়াগা জানান, তিনি উগান্ডার দিকে পালিয়ে যাচ্ছেন। সেখানে তাঁর একটি বাড়ি আছে। রাজধানীতে সেনাবাহিনীর মধ্যে চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। বিভিন্ন পক্ষ এলোপাথাড়ি গুলি ছুড়ছে। কোথাও কোথাও লুটপাটের ঘটনা ঘটছে। আয়াগা বলেন, ‘আমার মনে হয় না, আগামী তিন চার মাসের মধ্যে আমরা এখানে ফিরতে পারব। আমি এরই মধ্যে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি।’
কয়েক দিনের লড়াইয়ে বোর এলাকার নিয়ন্ত্রণ হারায় প্রেসিডেন্ট কিরের সমর্থক বাহিনী। পরে অবশ্য তারা বোর শহরে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করে। তবে রাজধানী জুবার উত্তরের কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ মাচারের অনুগত বিদ্রোহীদের হাতে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে দেশটিতে সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষকে আলোচনায় বসানোর উদ্যোগ নিতে জুবায় গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। সহিংসতা নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে আফ্রিকার দেশগুলো। ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী টডরোস আদহান ইতিমধ্যে প্রেসিডেন্ট কির সঙ্গে আলোচনা করেছেন।
আলোচনায় বসতে দুই পক্ষেরই ওপর আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ আসবে। মাচার অবশ্য আগেই বলেছেন তিনি আলোচনা বসতে রাজি। তবে শেষ পর্যন্ত দুই পক্ষ আলোচনায় রাজি না হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
মাহফুজার রহমান, সূত্র: বিবিসি, এএফপি ও রয়টার্স।