দক্ষিণে কুষ্টিয়া দিয়ে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে কুয়াশা আর প্রচণ্ড শীতে কাবু সারা দেশ। তবে গণিত উৎসবের ভেন্যুতে নেই তার কোনো চিহ্ন! শীতের গরম কাপড় মুড়িয়ে খুদে গণিতবিদদের নিয়ে এসেছেন বাবা-মা। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—স্লোগানে দেশজুড়ে শুরু হয়েছে আঞ্চলিক গণিত উৎসব। শুরুটা ছিল ১৮ ডিসেম্বর। একসঙ্গে অনেক গণিতবিদের পদচারণে মুখর উৎসব প্রাঙ্গণ। এবারের দশম গণিত অলিম্পিয়াডের দক্ষিণবঙ্গের শুরু কুষ্টিয়া জিলা স্কুলে। এতে অংশ নেয় মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ৮৬টি প্রতিষ্ঠানের ৮৪৪ জন শিক্ষার্থী। আর সেখানে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইফান আমান রিনি ১০-এ ১০ পেয়ে কুষ্টিয়ার সেরাদের সেরা নির্বাচিত হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় উৎসব। এর পর শুরু হয় গণিত উৎসবের মূল আয়োজন গণিত অলিম্পিয়াড। অলিম্পিয়াড শেষে শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে যায় পুরোনো বন্ধুকে খুঁজতে আর নতুন বন্ধু বানাতে। একসময় মঞ্চে শুরু হয় গণিত উৎসবের গান। আর তার পরই শুরু হয় খুদে গণিতবিদদের জমজমাট প্রশ্নোত্তর পর্ব। সে সময় একটু বেশি কথাবার্তা হচ্ছিল দর্শক সারিতে থাকা খুদে গণিতবিদদের মধ্যে। প্রশ্ন করল কুষ্টিয়ার শিক্ষার্থী আতিকা রহমতুল্লা। প্রশ্ন করেই তাক লাগিয়ে দিল সে! সবাই তাকিয়ে আছে তার দিকে। তার প্রশ্ন, নিউটনের তৃতীয় সূত্রে ভুল আছে। দর্শক সারিতে থাকা খুদে গণিতবিদ, অভিভাবক, বন্ধুসভাসহ সবাই তার দিকে তাকিয়ে। সবার মনে একটাই প্রশ্ন, কী বলে এই মেয়ে! মঞ্চে থাকা শিক্ষকেরা বললেন, ‘তোমার সাহস দেখে আমরা অবাক হয়েছি। আমরা চাই এমন সাহসী গণিতবিদ। এসো, তুমি একটি পুরস্কার নিয়ে যাও।’ ভালো প্রশ্ন করলেই পুরস্কার পাওয়া যায় গণিত উৎসবে। শিক্ষকেরা বললেন, ‘আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী নিউটনের এই সূত্রের ওপর হাত দেওয়ার সাহস পাননি। তুমি এত সাহস করেছ, এতে আমরা অনেক খুশি।’ তাকে বুঝিয়ে দেওয়া হলো তার যুক্তির দুর্বলতা। আতিকা জেনে গেল নিউটনের সূত্রে ভুল নেই! এ তো গেল একটি প্রশ্ন! উৎসবের লোগোতে কম্পাস কেন? প্রদীপ নেভালে আলো কোথায় যায়? এমন শত শত প্রশ্নের মুখোমুখি হতে হয় মঞ্চে থাকা শিক্ষকদের। অনুষ্ঠানে শিক্ষার্থীদের এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী এবং ডাচ্-বাংলা ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক শফিকুজ্জামান খান। চলতে থাকে আয়োজন। মাদক, মুখস্থ ও মিথ্যা—এ তিন ‘ম’-কে ‘না’ বলা হয়। উৎসবের নতুন মাত্রা যোগ করে রুবিক কিউব প্রতিযোগিতা। কুষ্টিয়ার রুবিক কিউব প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শেখ তাশদিদের সময় লাগে ১.১ মিনিট। শেষ বেলায় পুরস্কৃত হয় ৬০ খুদে গণিতবিদ! অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়কারী বায়েজিদ ভূইয়া জুয়েল ও প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান। শীতে কাবু নয় যশোর!প্রচণ্ড শীত ও কুয়াশা মাড়িয়ে সকালে যশোর জিলা স্কুলে বাড়তে থাকে খুদে গণিতবিদদের পদচারণা। কে কেমন করবে, এসব নিয়ে শিক্ষার্থীরা যখন নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত, তখন অভিভাবকেরাও আলোচনায় ব্যস্ত কেমন করবে তাঁর সন্তান। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—স্লোগান নিয়ে ১৯ ডিসেম্বর যশোর আঞ্চলিক গণিত উৎসব সম্পন্ন হয়। নড়াইল, ঝিনাইদহ, মাগুরা ও যশোরের ৯৬টি প্রতিষ্ঠানের ৮২২ জন শিক্ষার্থী অংশ নেয়। বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থী মোহাম্মাদ আলী জানায়, ‘ঘুম থেকে প্রতিদিন সময় করে না উঠতে পারলেও গণিত উৎসবের জন্য দ্রুত উঠে গেছি।’ অভিভাবকদের উৎসাহও ছিল বেশ। নড়াইল থেকে আসা সরকারি এম এম কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম ও সুব্রত নন্দী বলেন, ছোট ভাইবোন পরীক্ষায় অংশ নিয়েছে, তাই তাদের নিয়ে এসেছি গণিত উৎসবে। এখানে এসে মনে হচ্ছে, আমরা যদি পরীক্ষায় অংশ নিতে পারতাম, তাহলে খুব ভালো লাগত। যশোর সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নুঝাত রহমান নওমি ও তামান্না তাসনিম শীতের সকালে তিনটা সোয়েটার পরে পরীক্ষা দিতে এসেছে! অনেককে দেখা গেল গণিতের স্টল থেকে বই কিনতে। পরীক্ষার হল থেকে বের হয়ে প্রায় সবাই তাদের পরীক্ষা ভালো হয়েছে বলে জানায়। গণিত উৎসবের গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঝেমধ্যে বিদ্যুৎবিভ্রাট হলেও সেটি শিক্ষার্থীদের তেমন বিচলিত করেনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এলিয়াস হোসেন, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর সৌমিত্র চক্রবর্তী, যশোর মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সম্রাট কুমার দে, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, ডাচ্-বাংলা ব্যাংক যশোর শাখার সহকারী ব্যবস্থাপক আবু বকর মিয়া প্রমুখ। শেষ পর্বে শিক্ষার্থীরা মাঠে পড়ে থাকা ময়লা ও আবর্জনা কুড়িয়ে তা ময়লার বাক্সে ফেলে। বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানকে নিশ্চয়তা দিয়ে তারা অঙ্গীকার করে, তারা কখনো মাদক নেবে না, না বুঝে মুখস্থ করবে না এবং কখনো মিথ্যা কথা বলবে না। এক ফাঁকে হয়ে যাওয়া রুবিক কিউব প্রতিযোগিতায় বিজয়ী হয় মো. রশিদ, মোয়াজ মাহমুদ। তারা দুজনই যশোর বি এ এফ শাহীন কলেজের ছাত্র।