সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে আউটসোর্সিংয়ে বাংলাদেশকে শীর্ষ ৩০টি দেশের মধ্যে দেখানো হয়েছে। এ ধরনের সফলতা ধরে রাখতে দ্রুত নীতিমালা তৈরির পাশাপাশি জরুরি প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) অনুষ্ঠিত ‘শীর্ষ ৩০ আউটসোর্সিং দেশে বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে একটি গার্টনারের প্রতিবেদনে শীর্ষ ৩০-এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তি। এখন এ সাফল্য ধরে রাখতে প্রয়োজন সবাইকে একসঙ্গে কাজের মাধ্যমে এগিয়ে যাওয়া।’ সভায় বিসিসির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির সভাপতি লুনা শামসুদ্দোহা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন। গার্টনারের প্রতিবেদন বাংলাদেশ সম্পর্কে যা বলা হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান।সভায় বক্তারা বলেন, আউটসোর্সিং খাতের এ সাফল্য ধরে রাখতে ছোট ছোট প্রয়োজনীয়তাগুলোকে গুরুত্বসহকারে নেওয়া উচিত। এ ক্ষেত্রে সফটওয়্যার পার্কের মতো সফটওয়্যার ভবন তৈরি করা দরকার, যেখানে থাকবে ইন্টারনেটের পূর্ণাঙ্গ সুবিধা। এ জন্য প্রয়োজনীয় নীতিমালা ঠিক করাসহ অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়ার প্রায়োজনীতার কথা বলা হয়। এ ছাড়া নানা ধরনের যেসব ক্ষুদ্র কাজের মাধ্যমে আউটসোর্সিং করা যায় সেসব দিকেও নজর দেওয়া উচিত। —নুরুন্নবী চৌধুরী