দরদি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরদি নেতা
দরদি নেতা

নির্বাচন প্রায় চলে এল। অনেক দিন নিজের নির্বাচনী এলাকায় যাওয়া হয় না সাংসদ মতিন মিয়ার। তাই চিন্তা করলেন নিজ এলাকায় গিয়ে জনসংযোগ করবেন। আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকায় গেলেন মতিন মিয়া। দিনভর নানাজনের সঙ্গে দেখা করলেন, কোলাকুলি করলেন, চা খেলেন, খাওয়ালেন। বিকেলে এক স্কুলমাঠে বিরাট সমাবেশের আয়োজন করা হলো। সমাবেশে দীর্ঘ বক্তৃতাও করলেন, দিলেন অনেক প্রতিশ্রুতি। সন্ধ্যার সময় রওনা দিলেন শহরের উদ্দেশে। আসার সময় হঠাৎ রাস্তার পাশে দেখতে পেলেন এক লোক বসে বসে ঘাস খাচ্ছে। মতিন মিয়া গাড়ি থামিয়ে লোকটির কাছে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনি ঘাস খাচ্ছেন নাকি?’
: জি হুজুর! ক্ষুধার কষ্টে ঘাস খাচ্ছি, গত কয়েক দিন ধরে ঘাস খেয়েই বেঁচে আছি।
: বলেন কী! আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে শহরে চলেন।
: হুজুর, তা আপনার দয়া! কিন্তু আমার স্ত্রীও পাশে ঘাস খাচ্ছে!
: আচ্ছা তাকেও সঙ্গে নিয়ে আসুন!

: হুজুর, আপনি দয়ার সাগর! কিন্তু হুজুর, আমার দুটি সন্তানও আছে, তারাও আমাদের মতো ঘাস খেয়ে ঘুমিয়ে পড়েছে!

: আচ্ছা আচ্ছা, ওদেরও সঙ্গে নিয়ে আসুন!

আবেগে আপ্লুত লোকটি কেঁদে দিল। বলল, ‘হুজুর আমরা চারজন মানুষ, আপনার সমস্যা হবে না তো?’

: আরে নাহ! আমার বাড়ির ঘাস প্রায় এক হাঁটু লম্বা হয়ে আছে!

(ইন্টারনেট থেকে পাওয়া কৌতুক অবলম্বনে)