দলবদ্ধ যাত্রায় পাখির শক্তি

পরিযায়ী পাখিরা প্রতি বছর ঝাঁক বেঁধে হাজার হাজার মাইল পাড়ি দেয়। কিন্তু দলবদ্ধ এই দূরপাল্লার যাত্রায় তারা কীভাবে পর্যাপ্ত শক্তি ধরে রাখে এবং নেতা নির্বাচন করে, তা জানার জন্য যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রিয়ার একদল বিজ্ঞানী গবেষণা করেছেন।
নর্দার্ন বল্ড আইবিস নামে পরিচিত দীর্ঘকায় সারসজাতীয় পাখির ওপর গবেষণা চালিয়ে দেখা যায়, এরা দূরপাল্লার যাত্রার সময় ইংরেজি উল্টো ‘ভি’ অক্ষরের আকারে ঝাঁক বেঁধে চলে। কেউ যাতে ক্লান্ত হয়ে দলছুট না হয়, তা নিশ্চিত করার জন্যই এই কৌশল। আর দলের সবচেয়ে পরিশ্রমী পাখিটি সামনে থেকে নেতৃত্ব দেয়। প্রথম পাখিটি ডানা দিয়ে বাতাসে যে ঝাপটা তৈরি করে, তা পেছনের পাখিগুলোর মধ্যে সঞ্চারিত হয়। এতে ঝাঁকের প্রতিটি পাখি বাড়তি শক্তির জোগান পায়। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
শীর্ষ গবেষক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রািণবিদ্যা বিভাগের শিক্ষক বার্নহার্ড ভোয়েকল বলেন, দূরপাল্লার যাত্রায় দলবদ্ধ পাখিগুলো কী কৌশল মেনে চলে, তিনি জানার চেষ্টা করেছেন। জেরেনটিকাস এরামিটা প্রজাতির এসব পাখি অস্ট্রিয়ার সালজবুর্গ থেকে দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইতালির অরবার্তেরোয় পৌঁছায়। এই কঠিন প্রচেষ্টায় তাদের মৃত্যুহারও অনেক। প্রথম যাত্রার ধকল সইতে না পেরে প্রায় ৩০ শতাংশ অল্প বয়সী পাখি প্রাণ হারায়।
গবেষকেরা ১৪টি পাখির একটি ঝাঁকের প্রতিটির গতিবিধির ওপর নজর রাখেন। এ লক্ষ্যে অস্ট্রিয়ায় একটি সংরক্ষণ প্রকল্পের আওতায় নর্দার্ন বল্ড আইবিসের একটি দলকে লালন ও প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তারা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়ার সময় একটি উড়োজাহাজ থেকে ঝাঁকটির ওপর নজর রাখা হয়। প্রজাতিটিকে ইউরোপে ফিরিয়ে আনাই ছিল ওই প্রকল্পের উদ্দেশ্য। শিকারিদের কবলে পড়ে পাখিটি বিলুপ্ত হতে চলেছে। তাই তাদের যাত্রাপথ পাল্টে দিয়ে প্রজাতিটি রক্ষার চেষ্টা করা হচ্ছে।
গতিবিধির তথ্য সংগ্রহের জন্য ঝাঁকের প্রতিটি পাখির শরীরে গ্লোবাল পজিশনিং সিস্টেমস (জিপিএস) প্রযুক্তির যন্ত্র সংযোজন করে দেওয়া হয়। কীভাবে পাখিগুলো দিক পরিবর্তন করে, তা সতর্কভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখতে পান, এরা একটির পেছনে আরেকটি অবস্থান নিয়ে জোড়ায় জোড়ায় জায়গা বদল করে। ভোয়েকল বলেন, ‘আমরা দেখতে পাই, সামনে থাকা প্রতিটি পাখি যে সময় খরচ করে এবং পেছনের পাখিটি ঠিক ততটা সময় নিয়ে জায়গা বদল করে। এভাবে তারা স্পষ্ট পারস্পরিক সম্পর্ক বজায় রাখে এবং পুরো পথে কয়েকবার জায়গা বদলায়। কৌশলটা দেখতে জটিল মনে হলেও আসলে বেশ সহজ।’
ভোয়েকল আরও বলেন, কঠিন যাত্রার সময় পাখিগুলো যে কৌশল মেনে চলে, তাতে তাদের শক্তি কম খরচ হয়। ফলে তারা বেঁচে থাকতে পারে। ঝাঁকের প্রতিটি পাখির দিকে খেয়াল না রেখে তারা কেবল জোড়ায় জোড়ায় সম্পর্ক বা যোগাযোগ বজায় রাখে। এ কৌশল সহজ ও কার্যকর। সম্ভবত, আরও অনেক প্রজাতি একই কৌশল ব্যবহার করে দীর্ঘ পথ পাড়ি দেয়। অনেক বড় বড় ঝাঁক তৈরি করলেও তাদের চলাচলের কৌশল অপরিবর্তিত থাকে। আর বিস্ময়কর হলেও সত্যি যে দলের কোনো পাখিই অন্যদের সঙ্গে কখনো প্রতারণাপূর্ণ আচরণ করে না।
সূত্র: এএফপি ও বিবিসি