দলেবলে কাজের জন্য ফেসবুক অ্যাপ

দলেবলে চ্যাটসহ অন্যান্য কাজের জন্য নতুন একটি অ্যাপ চালু করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে ‘ফেসবুক গ্রুপস’ নামের এ অ্যাপটি ছাড়া হয়।
নতুন এই অ্যাপ দিয়ে পরিবার, নির্দিষ্ট কোনো প্রকল্পে যুক্ত, বর্তমানে থাকা গ্রুপের সদস্য বন্ধুদের সঙ্গে সহজেই চ্যাট করা যাবে। শুধু চ্যাটই নয়, চাইলে গ্রুপে সরাসরি এ অ্যাপের সাহায্যে গ্রুপ পোস্ট, ছবি শেয়ার, নতুন বন্ধুদের যোগও করা যাবে। ফেসবুকে না গিয়ে সরাসরি এ অ্যাপের সাহায্যে গ্রুপের নোটিফিকেশনও পাওয়া যাবে। এ অ্যাপটি অনেকটা ফেসবুক পেজ অ্যাপের মতো করেই তৈরি করা হয়েছে।
শুধু ফেসবুকে পেজ নিয়ন্ত্রণের জন্য এর আগে ‘ফেসবুক পেজ’ অ্যাপ চালু করে ফেসবুক। এবার গ্রুপের জন্যও একই ধরনের অ্যাপ চালু করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ গ্রুপগুলোকে চাইলে আলাদাভাবে স্মার্টফোন কিংবা ট্যাবলেটের মূল পর্দায় আইকন হিসেবেও রাখা যাবে এবং সরাসরি সে গ্রুপে চ্যাট থেকে শুরু করে অন্য কাজগুলো দ্রুত করা যাবে। ফেসবুক ক্রিয়েটিভ ল্যাবের (www.facebook.com/labs) নানা ধরনের প্রকল্পের মধ্যে চালু হওয়া এ অ্যাপটি ইতিমধ্যেই ব্যবহারকারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। শুধু এ অ্যাপটির বিভিন্ন বিষয় নিয়ে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ফেসবুক গ্রুপস (www.facebookgroups.com) নামের এ ওয়েবসাইটে এই অ্যাপের সাহায্যে কী কী করা যাবে, তার বিস্তারিত বর্ণনা এবং ডাউনলোড লিংক রয়েছে। —ফেসবুক ক্রিয়েটিভ ল্যাব অবলম্বনে নুরুন্নবী চৌধুরী