দশ মিনিটেই ব্যাটারির চার্জ
ইলেকট্রনিক যন্ত্র থেকে শুরু করে যানবাহন—প্রায় সবকিছুতেই এখন লিথিয়াম ব্যাটারি। আর এটি চার্জ হতে সাধারণত অনেক সময় নেয়। সম্প্রতি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার (ইউএসসি) গবেষকেরা একটি নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করেছেন, যা মাত্র ১০ মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে চার্জড হয়ে যাবে। শুধু তা-ই নয়, অন্যান্য ব্যাটারির চেয়ে এটি তিন গুণ শক্তি ধরে রাখতে পারবে।গবেষণায় নেতৃত্ব দেন ইউএসসির ভিটার্বি স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চংগু ঝাও। গত বছর ঝাওয়ের দলের সদস্যরা সিলিকন ন্যানো-ওয়্যার নিয়ে গবেষণা করেন, যা লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। যদিও একসঙ্গে অনেকগুলো ন্যানো-ওয়্যার তৈরি বেশ কঠিন। তাই সমস্যা সমাধানের জন্য ঝাও সহজলভ্য সিলিকনমণ্ডল সংগ্রহ করে তা থেকে ন্যানো-ওয়্যার সংগ্রহ করেন। ন্যানো-ওয়্যারগুলো লিথিয়াম-আয়নগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। এর ফলে একটি ব্যাটারি ১০ মিনিটেই চার্জ হয়ে যাবে। ভবিষ্যতে ইলেকট্রনিক এবং বৈদ্যুতিক যানবাহনে মাত্র দুই বা তিন বছরের মধ্যে সচরাচর এ ধরনের ব্যাটারি ব্যবহার করা যাবে বলে আশা করা যাচ্ছে। —ডিসকভারি অবলম্বনে প্রদীপ সাহা