দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯৬৭৩ পরীক্ষার্থী
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী।
এ বছর মোট শিক্ষার্থী ছিল দুই লাখ ২৫ হাজার ৩০০ জন। পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ২১ হাজার ২৫৭ জন। পাস করেছে এক লাখ ৯৭ হাজার ১৯৯ জন। ফেব্রুয়ারি-মার্চ মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ফল প্রকাশিত ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ২৮ শতাংশ।
দাখিল পরীক্ষায় ভালো করা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ঢাকা বিভাগের তিনটি প্রতিষ্ঠান।
২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ২৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং সবাই পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন।
দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার উত্তরায় অবস্থিত তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
তৃতীয় অবস্থানে আছে ঢাকার ডেমরার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন শিক্ষার্থী।