দাম কমছে আইপ্যাড-২-এর!
আইপ্যাড-২ সংস্করণটির বিভিন্ন মডেলের দাম ৫০ ডলার করে কমিয়েছে যুক্তরাষ্ট্রের খুচরা বিপণন প্রতিষ্ঠান বেস্ট বাই। বেস্ট বাই ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানও শিগগির দাম কমাবে। সম্প্রতি ডেইলি মেইল এক খবরে এ তথ্য দিয়েছে। তবে অ্যাপল স্টোর এর দাম আপাতত কমাবে না। অ্যাপল স্টোরে আইপ্যাডের দাম ৪৯৯ ডলার থেকে শুরু। অবশ্য প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আইপ্যাড-৩ সংস্করণটি শিগগিরই বাজারে আসছে—এমন খবর রটার পর দাম কমছে আইপ্যাড-২-এর।সিনেটসহ প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর ধারণা, আগামী ৭ মার্চ সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিতব্য সম্মেলনে আইপ্যাড-৩ বাজারে আনতে পারে অ্যাপল। আইপ্যাডের তৃতীয় সংস্করণে ব্যবহূত হবে হাই-ডেফিনেশন (এইচডি) স্ক্রিন।ব্লুমবার্গের সাম্প্রতিক এক তথ্য অনুসারে, আইপ্যাড-৩-এ থাকবে কোয়াড কোরের প্রসেসর ও রেটিনা ডিসপ্লে। নতুন কিছু সফটওয়্যার ছাড়া এটি আইপ্যাড-২ সংস্করণটির মতোই।এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার জানিয়েছে, নতুন সংস্করণের আইপ্যাডের দাম বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের তুলনায় বেশিই হবে। বর্তমান সংস্করণের দামের তুলনায় ওয়াই-ফাই মডেলের জন্য ৮০ ডলার ও থ্রিজি মডেলের জন্য ৭০ ডলার বেশি দিতে হবে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটে প্রযুক্তি বিশ্লেষকেরা পরামর্শ দিয়েছেন আইপ্যাডের পুরোনো সংস্করণের সঙ্গে নতুন সংস্করণের সুবিধা মিলিয়ে ধীরেসুস্থে আইপ্যাড কিনতে।