দাম কমছে নুক ট্যাবলেটের
নুক ই-রিডার ও ট্যাবলেটের তিনটি মডেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বার্নস অ্যান্ড নোবল। ১২ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে এই ব্র্যান্ডের ই-বুক রিডারের দাম কমছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, বাজারে নুক ই-বুক রিডারের শক্ত প্রতিদ্বন্দ্বী আমাজনের তৈরি কিন্ডল ফায়ার ট্যাবলেট। সাশ্রয়ী দামের কিন্ডল ফায়ারের নতুন একটি সংস্করণ আনতে পারে এমন ধারণা করছেন তাঁরা। কিন্ডল ফায়ারের নতুন সংস্করণটি বাজারে আসার আগেই নুক ট্যাবলেটের দাম কমিয়ে দিল বার্নস অ্যান্ড নোবল। ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার নুক ট্যাবলেটের দাম ছিল ২৪৯ ডলার। দাম কমানোর পর এটি এখন পাওয়া যাবে ১৯৯ ডলারে। অন্য দুটি মডেলে ২০ ডলার করে দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি।বার্নস অ্যান্ড নোবল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ই-বুক রিডার বিক্রির ক্ষেত্রে বাজারে ২৭ শতাংশ দখল রয়েছে তাদের। প্রতিদ্বন্দ্বী আমাজনের দখলে রয়েছে ৬০ শতাংশ ই-বুক রিডারের বাজার।