দাম কমল ম্যাকবুক এয়ারের

ম্যাকবুক এয়ার রেঞ্জের ল্যাপটপে কিছু পরিবর্তন এনে সব গুলো মডেলে দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
সর্বশেষ সংস্করণের ম্যাকবুক এয়ারে ব্যবহূত হবে ১.৪ গিগাহার্টজের ডুয়াল কোর ইনটেল কোর আই৫ প্রসেসর। এটি ইনটেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর যাকে হ্যাসওয়েল বলা হয়। ম্যাকবুকের আগের সংস্করণটিতে ১.৩ গিগাহার্টজের প্রসেসর ছিল। প্রসেসরে পরিবর্তন আনলেও অন্যান্য ফিচারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে ম্যাকবুক এয়ারের প্রতিটি মডেলের দাম ১০০ ডলার করে কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের বাজারে ম্যাকবুক এয়ারের দাম কমেছে দুই হাজার রুপি করে।
অ্যাপলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ১১ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার বিক্রি হচ্ছে ৮৯৯ মার্কিন ডলারে ও ১৩ ইঞ্চি মাপের মডেলের দাম ৯৯৯ মার্কিন ডলার।
উল্লেখ্য, বাংলাদেশের বাজারে অ্যাপলের অনুমোদিত রিসেলার অ্যালোহার আইশপে ১১ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ারের দাম ৯৮ হাজার ও ১৩ ইঞ্চি মডেলটির দাম এক লাখ ১০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
ম্যাকবুক এয়ার সম্পর্কে আরও জানা যাবে https://www.apple.com/macbook-air/ এই লিংক থেকে