দায়িত্ব নিল বেসিসের নতুন কমিটি
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৪-২০১৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গত সোমবার দায়িত্ব গ্রহণ করেছে। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বেসিস তাদের অগ্রগতি অব্যাহত রাখতে আরও ভালো কিছু কাজ করবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, মধ্যম আয়ের দেশ গড়তে বাণিজ্য সংগঠনগুলোর বড় ভূমিকা রয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বেসিসের সভাপতি শামীম আহসান কালিয়াকৈর হাইটেক পার্ক, জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক অতিসত্বর চালু করার অনুরোধ করেন। পাশাপাশি সরকারের ক্রয়নীতি, ইইএফ তহবিলের নীতিমালা সহজীকরণের ব্যাপারে সরকারের সহযোগিতা চান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বেসিসের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল, সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে। গত ২৮ জুন বেসিসের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ এবং পরিচালক সানি মোঃ আশরাফ খান, সামিরা জুবেরী ও আরিফুল হাসান।