দিন পেছাল ‘আইপ্যাড মিনি’র!
আনুষ্ঠানিকভাবে ২৩ অক্টোবর আইপ্যাড মিনির ঘোষণা দিতে পারে অ্যাপল, কারণ ঐ দিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ওয়াল স্ট্রিট ভিত্তিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই অনুমান করছিলেন যে, ছোটো আকারের একটি আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। তবে ২৩ অক্টোবরের অনুষ্ঠানে আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দেওয়া হবে কি না, এ বিষয়টি সম্পর্কে অনেক প্রযুক্তি বিশ্লেষকই নিশ্চিত নন। এর আগে নাম প্রকাশ না করার শর্তে অ্যাপলের এক বিনিয়োগকারী বরাতে সিএনএন জানিয়েছিল, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে আনার ঘোষণা দেওয়ার পর ১৭ অক্টোবরে আইপ্যাড মিনির ঘোষণা দিয়ে চমকে দিতে পারে অ্যাপল। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে আইপ্যাড মিনি বাজারে আনার তারিখ হতে পারে ২৩ অক্টোবর।২৬ অক্টোবর মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম ও ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিতে পারে। মাইক্রোসফটের অনুষ্ঠানের ঠিক আগেই অ্যাপল নতুন পণ্য বাজারে এনে প্রতিযোগিতার বাজার আরও চাঙ্গা করতে চায়। তবে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, আইপ্যাড মিনিকে মূলত আমাজনের কিন্ডল ফায়ার ট্যাবলেট, গুগলের নেক্সাস ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।কোনো পণ্যের গুজবের বিষয়ে আগেভাগে কোনো তথ্য জানায় না অ্যাপল কর্তৃপক্ষ। তবে অ্যাপলের অন্যতম একজন বিনিয়োগকারীর সূত্র উল্লেখ করে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন আইপ্যাড মিনির আকার হতে পারে ৭.৮৫ ইঞ্চি। প্রসঙ্গত, এর আগে অল থিংস ডিজিটাল নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ১৭ অক্টোবর আইপ্যাড মিনি বাজারে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছিল, বর্তমানে আইপ্যাড মিনি উত্পাদন পর্যায়ে রয়েছে। এছাড়া অক্টোবরে আইপ্যাড মিনি বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। ওয়েবসাইটটি আরও জানিয়েছিল, ৭ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লের এ পণ্যটিতে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের প্রায় সব বৈশিষ্ট্য থাকবে। এর সঙ্গে যুক্ত হতে পারে দ্রুতগতির প্রসেসর ও এইচডি ক্যামেরা সুবিধা। বর্তমানে ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাডের মতোই রেজুলেশন হবে আইপ্যাড মিনির। দাম হতে পারে ২৫০ ডলার।এদিকে আইপ্যাড মিনি বাজারে আসা প্রসঙ্গে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ছোট আকারের আইপ্যাড বাজারে আনছে অ্যাপল।